সৌরভের রাজ্যসভার সাংসদ পদে আসা নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলীকে হলুদ গোলাপ উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আবার রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সৌরভ ছিলেন বাংলার রাজনীতি নিয়ে আলোচনার কেন্দ্রে। সৌরভকে রাজনীতির হাতেখড়ি দিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল মাঠে নেমে পড়েছিল। সৌরভ সে সময় দুই দলের কাউকেই রাজনীতিতে আসবেন বলে ইঙ্গিত দেননি।

এ বছরের ২ জানুয়ারি সৌরভ হৃদ্‌রোগে আক্রান্ত হলে ভর্তি হন কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলে। তাঁর হৃদ্‌যন্ত্রে লাগানো হয় স্টেন্ট। বেশ কিছুদিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সৌরভ। এই অসুস্থতার সময় সৌরভের খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রাজনীতিতে সৌরভকে পেতে বিজেপি ও তৃণমূলের মধ্যে টাগ অব ওয়ার চলছিল। এর মধ্যে সৌরভও জানিয়ে দেন, তিনি রাজনীতিতে পা দিচ্ছেন না।

৮ জুলাই ছিল সৌরভের ৪৯তম জন্মদিন। ওই দিন সৌরভকে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা হলুদ গোলাপের তোড়া নিয়ে ছুটে গিয়েছিলেন সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাসভবনে। মমতা সেখানে গিয়ে সৌরভের হাতে গোলাপের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর জন্য সিল্কের শাড়ি উপহার দেন।

সৌরভের বাসভবনে গিয়ে তাঁর মাকে প্রণাম করেন মমতা। কথা বলেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী, মেয়ে সানা গাঙ্গুলী ও দাদা স্নেহাশীষ গাঙ্গুলীর সঙ্গে। তৃণমূল বলছে, এটা নেহাত সামাজিক ও অরাজনৈতিক সাক্ষাৎ ছিল।

তৃণমূলের সেই যুক্তিকে মানতে পারছেন না বিরোধীরা। তাঁরা বলেছেন, তাঁরা জানতে পেরেছেন, মমতা সৌরভকে কাছে পাওয়ার জন্য তাঁকে এই রাজ্যের পক্ষ থেকে রাজ্যসভার একজন সদস্য করার প্রস্তাব দিয়েছেন। ভারতের রাজ্যসভায় দুটি পদ শূন্য রয়েছে। সাবেক তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদি ও তৃণমূলের মানস ভুঁইয়া পদত্যাগ করলে এই দুটি পদ শূন্য হয়। এই দুটি পদের মধ্যে মমতা একটি পদে নিয়ে আসতে চান সৌরভকে। যদিও এই দাবিকে সৌরভ ও মমতা অস্বীকার করেছেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সৌরভের জন্মদিনে তাঁর বাড়িতে মমতার শুভেচ্ছা জানাতে যাওয়া সম্পূর্ণ রাজনৈতিক।

সৌরভ রাজনীতিতে আসার গুঞ্জনকে অস্বীকার করে বলেছেন, তাঁর রাজনীতিতে যোগদানের কোনো কারণ এখন নেই। এর আগে গত বছর সৌরভের ৪৮তম জন্মদিনে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এখনো জানি না সৌরভ রাজনীতিতে যোগদান করবেন কি না? তবে এটুকু বলতে পারি, সৌরভ রাজনীতিতে যোগ দিলে টপেই থাকবেন।’ সেদিনের ডোনার এ মন্তব্যের পর সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে পারদ চড়তে শুরু করেছিল।

বিজেপির সঙ্গে সৌরভের সখ্য রয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। মমতার সঙ্গে সৌরভের ওই সাক্ষাতের পর অনেকেই মনে করেছিল, সৌরভ তৃণমূলে যোগ দিচ্ছেন কি না।

সৌরভ রাজনীতিতে যোগদানের বিষয়টি স্পষ্ট না করলেও স্ত্রী ডোনার কথায় স্পষ্ট হচ্ছিল, তিনি এমন দলে যোগ দেবেন, যেখানে তিনি থাকবেন শীর্ষস্থানে। সৌরভ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবির সভাপতি হিসেবে শীর্ষে ছিলেন আবার এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের সভাপতি হিসেবে রয়েছেন শীর্ষস্থানে।

২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি গুজরাটের একটি আসন থেকে জিতিয়ে এনে সৌরভকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল। এ নিয়ে বিজেপি নেতা বরুণ গান্ধীর সঙ্গে কথাও হয়েছিল সৌরভের। কিন্তু শেষ পর্যন্ত আর বিজেপির প্রস্তাবে সায় দেননি সৌরভ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহর সঙ্গে সৌরভের সুসম্পর্ক রয়েছে। সেই সুবাদে অমিত শাহর সঙ্গেও সৌরভের সুসম্পর্ক গড়ে ওঠে।

রাজনৈতিক মহলের খবর, অনুরাগ ঠাকুরের ইচ্ছা, অমিত শাহের ইচ্ছাতেই সৌরভ বিসিসিআইএর সভাপতি হতে পেরেছিলেন। এ ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে বারবার বিজেপিতে যোগদানের প্রশ্নটি এড়িয়ে যান সৌরভ।