মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। তবে দেশটি মনে করছে, এ সফর কেবল ‘লোক দেখানো সৌহার্দ্য’। কারণ, জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এখনো আকাশ সমান। খবর পিটিআইয়ের।
ওবামা গত রোববার নয়াদিল্লিতে পৌঁছানোর খবরটি ছিল চীনা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির ব্রেকিং নিউজ। বিমানবন্দরে ওবামাকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যর্থনা জানানোর ঘটনাটি সরাসরি দেখায় চ্যানেলটি। পাশাপাশি এই সফর চীনের ওপরে কিরূপ প্রভাব ফেলতে যাচ্ছে এবং এটা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে মার্কিন নীতির অংশ কি না, এসব প্রশ্নও রাখা হয় খবরে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক সংবাদভাষ্যে বলা হয়, ‘সংক্ষেপিত এই তিন দিনের সফর যতটা না বাস্তবমুখী, তার চেয়েও বেশি প্রতীকী। কারণ, দেশ দুটির মধ্যে মতপার্থক্য তাদের মধ্যে দূরত্ব যতটা, তার চেয়েও বিশাল।’
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈরিতার উদাহরণ দিয়ে ওই সংবাদভাষ্যে বলা হয়েছে, এক বছর আগেও মার্কিন কূটনীতিকদের নয়াদিল্লি থেকে বহিষ্কার করা হয়। নিউইয়র্কে ভারতীয় কূটনীতিকের সঙ্গে অসদাচরণ নিয়ে বিরূপ জনমতের মুখে ওই পদক্ষেপ নেওয়া হয়। এ ছাড়া গুজরাট দাঙ্গার ঘটনায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়, যা কদিন আগেও বহাল ছিল। কিন্তু এগুলোই শেষ নয়। এই লোক দেখানো সৌহার্দ্যের আড়ালে যেটা রয়েছে, সেটা হলো একটা চুক্তি।
মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওবামার এশিয়ামুখী নীতি পথভ্রষ্ট হয়েছে মন্তব্য করে সংবাদভাষ্যে বলা হয়, ‘তাঁর প্রশাসন যে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে এগিয়ে নিতে পারে, ক্যাপিটল হিল ও নিজের সমর্থকদের এটা বলতেই এই সফর দরকার ছিল।’ এতে আরও বলা হয়, ‘জলবায়ু পরিবর্তন, কৃষি খাত-সংশ্লিষ্ট বিরোধ এবং পারমাণবিক জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে তাঁদের মধ্যে প্রচণ্ড মতপার্থক্য রয়েছে।’
সিনহুয়া বলেছে, পারমাণবিক জ্বালানি সহযোগিতা প্রশ্নে ওয়াশিংটন ও নয়াদিল্লি সেই ২০০৮ সাল থেকেই একটি জটিল পথে হেঁটে আসছে। মতপার্থক্যের এমন লম্বা ফর্দ টেবিলে থাকায় ভারতীয়দের আপন করে নেওয়ার কাজটা ওবামার জন্য অনেক কঠিন হবে।