স্কুটিতেই শুনানি, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশেই এখন হোম অফিস পরিচিত বিষয়। সরকারি–বেসরকারি অফিসের পাশাপাশি আদালত পরিচালনাও হচ্ছে ভার্চ্যুয়ালি। কিন্তু ভারতে এই ভার্চ্যুয়াল আদালতে আইনজীবীদের কেউ কেউ হাজির হচ্ছেন নিজের মতো করে। কেউ রঙিন শার্ট পরে শুনানি করেছেন। কেউবা স্কুটি চালানো অবস্থায়ই মক্কেলের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এতে চটেছেন ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। আদালত আইনজীবীদের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরও রুচিশীল হতে বলেছেন।

এলাহাবাদ হাইকোর্ট গত বুধবার ওই আদেশ দেন। আদালত এ সময় সাইবার পরিসরও আদালতের বর্ধিত অংশ বলে মনে করিয়ে দিয়ে আদেশে বলেন, এখানে প্রাতিষ্ঠানিক চালচলন এবং আচরণের বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। বিচারক আরও বলেন, সাম্প্রতিক শুনানিতে ফেসপ্যাক দিয়ে নারী আইনজীবীর অংশ নেওয়া, আরেকজন আইনজীবীর স্কুটি চালানো অবস্থায় অংশ নেওয়াসহ বেশ কিছু বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আদালতকে।

ভারতে ব্যাপকভাবে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটির অধিকাংশ আদালতের কার্যক্রম অনলাইনে চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আদেশে আদালত বলেছেন, ‘নিজের বাসা, অফিস কিংবা চেম্বার থেকে যেসব আইনজীবী ভার্চ্যুয়াল

আদালতে অংশ নেন, তাঁদের বোঝা উচিত এটা আদালতের অংশ। তাই আদালতে যে ধরনের প্রক্রিয়ায় তাঁরা অংশ নেন, সেভাবেই অংশ নেওয়া উচিত।’ আদালত আইনজীবীদের ড্রেস কোড মেনে চলারও আদেশ দেন। যেখানে পুরুষদের সাদা শার্ট এবং নারীদের সাদা শাড়ি পরিধান করতে বলা হয়েছে।

উত্তর প্রদেশ বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান যোগেন্দ্র স্বরূপ বলেন, ‘আদালতের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের আদেশ খুবই জরুরি ছিল।’ তিনি আরও বলেন, ‘আদালতে অনেক নিয়ম মেনে চলতে হয়, যার মধ্যে সঠিকভাবে পোশাক পরা অন্যতম।’

ভারতের ভার্চ্যুয়াল আদালতে এসব ঘটনার আগে যুক্তরাষ্ট্রে জুম মিটিংয়ে এক আইনজীবী ভুলবশত বিড়ালের ফিল্টার ব্যবহার করেছিলেন। ওই ঘটনা পুরো অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ ছাড়া গত বছর ভার্চ্যুয়াল আদালতের শুনানি চলাকালে একজন আইনজীবীকে পাইপ নিয়ে ধূমপান করতে দেখা যায়। সুপ্রিম কোর্টের

আরেকটি শুনানি চলাকালে একজন আইনজীবীকে গোগ্রাসে দুপুরের খাবার খেতে দেখা যায়। আরেকটি ঘটনায় এক আইনজীবী সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে জিজ্ঞেস করে বসেছিলেন, ‘আপনি কে ভাই?’