স্কুল টয়লেটে নবম শ্রেণির ছাত্রের মৃতদেহ
ভারতের দিল্লির এক স্কুলের টয়লেট থেকে নবম শ্রেণির এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সহপাঠীরা তাকে হত্যা করেছে বলে নিহত ওই ছাত্রের পরিবার দাবি করেছে। নিহত ছাত্রের নাম তুষার কুমার (১৬)।
শুক্রবার এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে টয়লেটে তুষারকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। পরে তারা তুষারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
ভিডিওতে তুষার কুমারকে টয়লেটে যেতে দেখা যায় এবং পরে তার সঙ্গে সহপাঠীদের হাতাহাতি এবং মারধর করার দৃশ্য চোখে পড়ে। এ ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা একই ক্লাসে পড়ে। তাদের মধ্যে ক্লাস রুমে সংঘাত শুরু হয়। পরে সেই সংঘাত ক্লাসের বাইরে আরও ভয়ংকর রূপ নেয়।
স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে, তুষার অসুস্থ ছিল এবং হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কিন্তু তুষারের মা-বাবা দাবি করছেন তাঁদের ছেলেকে হত্যা করা হয়েছে।
নিহত তুষারের মা বলেন, ‘যদি সে অসুস্থ থাকে, তবে কেন তাকে স্কুলে পাঠাব? আমি যখন তাকে স্পর্শ করি, তখন আমার ছেলে নীরব ছিল। অধ্যক্ষ আমাদের বলেছেন, তার (তুষার) পাকস্থলীতে ব্যথা ছিল। সে স্কুলেই মারা গেছে। আসলে তারা আমার ছেলেকে হত্যা করেছে।’
তুষারের পরিবার দিল্লির উত্তরাঞ্চলে স্কুলটির অদূরে করওয়াল নগরে বসবাস করে। এ ঘটনার প্রতিবাদে নিহত তুষারের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার স্কুলটির পাশে রাস্তায় নেমে এসে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন এবং তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেন।