স্কুলে চার বছরের শিশুকে যৌন নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কলকাতার রানীকুঠির এক স্কুলে চার বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো স্কুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে যৌন নির্যাতনের ঘটনাটি প্রকাশ পায়।

শিশুটির অভিভাবকদের ভাষ্য, স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটির পোশাকে রক্তের দাগ দেখতে পান তাঁরা। শিশুটি কাঁদতে থাকে। তাকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে নেওয়া হয়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। আজ শুক্রবার সকালে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে।

এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে স্কুল চত্বর। বিক্ষোভ চলছে স্কুল ও যাদবপুর থানার সামনে। অভিযোগ উঠেছে, ওই স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক শিশুটিকে শৌচাগারে নিয়ে যৌন হেনস্তা করেন।

বিক্ষোভরত অভিভাবকেরা বলেছেন, এই খ্যাতনামা স্কুলে তাঁদের সন্তানদের ভর্তি করিয়ে তাঁরা নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। কিন্তু এই জঘন্য ঘটনার পর স্কুলে সন্তানদের পাঠাতে সাহস পাচ্ছেন না তাঁরা। আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে।

ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই জঘন্য অপরাধের ক্ষমা নেই। কঠোর শাস্তি পেতে হবে দোষী ব্যক্তিকে।

স্কুলটিতে যৌন নির্যাতনের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৪ সালের নভেম্বর মাসে নার্সারির এক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে।