স্কুলে পড়ানো হবে সিগারেটের ক্ষতিকর দিক
উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মিজোরামে স্কুল পর্যায়ে তামাকের ক্ষতিকারক দিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মিজোরামে ১১ লাখ মানুষের বাস। রাজ্যটি মাদক ও তামাক ব্যবহারে ভারতের শীর্ষে। তাই মাদকের হাত থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে স্কুল পর্যায়ে তামাকের ক্ষতিকারক দিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য সরকার।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের প্রতিবেদনে জানানো হয়, ১৫ থেকে ৪৯ বছর বয়সের পুরুষদের মধ্যে মিজোরামে ৮০ দশমিক ৪ আর নারীদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশই ধূমপায়ী। মোট জনসংখ্যার ৯০ শতাংশই জর্দা, খইনি বা গুটখার নেশায় মশগুল। ধূমপায়ীর হার ৭০ শতাংশ।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর বয়স থেকেই সচেতনতা জরুরি। সে লক্ষ্যেই চলতি শিক্ষাবর্ষেই স্কুলের পাঠসূচিতে তামাকের বিপদ যুক্ত করা হচ্ছে।
মিজোরাম স্টেট টোব্যাকো কন্ট্রোল সোসাইটির সার্ভে অনুযায়ী, রাজ্যের স্কুলপড়ুয়াদের মধ্যে ৫৪ শতাংশই ধূমপায়ী। এটা কমাতেই স্কুল পর্যায় থেকে শুরু করা হচ্ছে তামাক নিয়ে সচেতনতা।
সরকারি তথ্য অনুযায়ী, মিজোরামে মাদকাসক্তির কারণে এখন পর্যন্ত ১ হাজার ৪১২ জনের মৃত্যু হয়েছে। ১০ কোটি ৬০ লাখ রুপি মূল্যের মাদক উদ্ধার হয়েছে। রাজ্যে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। প্রতি হাজারে ১১২ জন পুরুষ এবং ৬০ জন নারী ক্যানসার আক্রান্ত।