স্ত্রী নয়, হানিপ্রীতকে দেখতে চান রাম রহিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরমিত রাম রহিম সিংয়ের সঙ্গে হানিপ্রীত। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া
গুরমিত রাম রহিম সিংয়ের সঙ্গে হানিপ্রীত। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া

দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং কারাগারে দৃশ্যত স্ত্রী হরজিৎ কৌরের সঙ্গে দেখা করতে চান না। এর বদলে তিনি পালিত কন্যা হানিপ্রীত ইনসানের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কারাগারে যাঁদের সঙ্গে রাম রহিম নিয়মিত দেখা করতে চান, এমন ১০ জনের একটি তালিকা গত সোমবার সানোরিয়া কারা কর্তৃপক্ষের হাতে দিয়েছেন রাম রহিম। ওই তালিকায় স্ত্রী হরজিৎ কৌরের নাম না থাকলেও হানিপ্রীতের নাম রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসানের বিরুদ্ধে গত শুক্রবার লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। একই সঙ্গে হরিয়ানায় সিরসার ডেরার মুখপাত্র আদিত্য ইনসানের বিরুদ্ধেও এই নোটিশ জারি করা হয়েছে। লুকআউট নোটিশ জারির পর বিমানবন্দর, বাসস্ট্যান্ড, দেশের সব কটি রেলস্টেশনসহ দেশ থেকে পালানোর বিভিন্ন রুটে সতর্ক প্রহরা রাখা হয়েছে।

হানিপ্রীতের বিরুদ্ধে অভিযোগ, গত ২৫ আগস্ট রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করার দিন আদালত চত্বর থেকে তাঁকে নিয়ে পালানোর ছক করেছিলেন হানি। কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি। এরপর থেকে হানিপ্রীতের কোনো খোঁজ নেই পুলিশের কাছে।

প্রতিবেদনে বলা হয়, রাম রহিমের দেওয়া তালিকায় তাঁর মা নসিব কৌর, পালিত কন্যা হানিপ্রীত, ছেলে জসমিত ইনসান, পুত্রবধূ হুসানপ্রীত ইনসান, মেয়ে অমরপ্রীত ও চরণপ্রীত, জামাই শান-ই-মিত ও রুহ-ই-মিত, ডেরার ব্যবস্থাপক বিপাসনা এবং দীর্ঘদিনের বিশ্বস্ত দান সিংহের নাম রয়েছে। এই তালিকায় তাঁর স্ত্রীর নাম নেই।

পুলিশ জানায়, রাম রহিমের দেওয়া নামের তালিকা যাচাই করতে পারেনি পুলিশ। কারণ তালিকায় থাকা প্রায় সবাই পুলিশের ভয়ে পলাতক। গত সোমবার সিরসা সদর থানার স্টেশন হাউস অফিসার দীনেশ কুমার রাম রহিমের ডেরায় গিয়ে কাউকে পাননি। তাঁর পরিবারের সদস্যরাও পলাতক।

হানিপ্রীত ইনসান। ছবি: হানিপ্রীতের ওয়েবসাইট থেকে নেওয়া
হানিপ্রীত ইনসান। ছবি: হানিপ্রীতের ওয়েবসাইট থেকে নেওয়া

সিরসার পুলিশ সুপার অশ্বিন শেনভি বলেন, ‘রাম রহিমের নামের তালিকায় থাকা বিপাসনা ছাড়া আর কারও দেখা মেলেনি। আমরা এই নামের তালিকাটি হরিয়ানা ও রাজস্থান জেলায় পাঠিয়েছি।’

প্রতিবেদনে বলা হয়, কারাগারের নিয়ম অনুযায়ী কারাগারের ভেতর নিয়মিত সাক্ষাতের জন্য কয়েদিদের ১০ জনের একটি নামের তালিকা দিতে হয়। কারা কর্তৃপক্ষ ওই তালিকা যাচাই-বাছাই করে তাঁদের সাক্ষাতের অনুমতি দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কারাগারে যাওয়ার সময় হানিপ্রীতের সঙ্গে জেলে রাত্রিবাস করার আবেদন করেছিলেন রাম রহিম। সেই আবেদন খারিজ করে দেয় কারা কর্তৃপক্ষ।

গত ২৫ আগস্ট দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। এতে রাম রহিমের সমর্থকেরা পঞ্চকুলা এলাকায় তাণ্ডব শুরু করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৩১ জন নিহত ও ২৫০ জন আহত হন। পরে ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।