স্ত্রীকে বাঁচাতে গিয়ে পুড়লেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী নিনুকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে স্বামী অনিলের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
স্ত্রী নিনুকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে স্বামী অনিলের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এক ভারতীয়। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ওই ব্যক্তির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। তবে তাঁর স্ত্রীর অবস্থা স্থিতিশীল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে ভয়াবহভাবে পুড়ে যাওয়া ওই ভারতীয়র নাম অনিল নিনান (৩২)। স্ত্রী নিনু ও চার বছরের সন্তানকে নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁদের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বরাত দিয়ে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংকটাপন্ন অবস্থায় অনিলকে আবুধাবির মাফরাক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত সোমবার রাতে ওই দম্পতির অ্যাপার্টমেন্টে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত। দুর্ঘটনার পরপরই তাঁদের স্থানীয় শেখ খলিফা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আবুধাবির মাফরাক হাসপাতালে নেওয়া হয়।

ওই দম্পতির দীর্ঘদিনের পরিচিত ও স্থানীয় সেন্ট থমাস মার থোমা চার্চের পাদরি সোজান থমাস খালিজ টাইমসকে বলেছেন, ‘আমরা ঘটনার বিস্তারিত জানি না। তবে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নিনুর শরীরে প্রথমে আগুন লাগে। পরে শোবার ঘর থেকে তাঁকে বাঁচাতে ছুটে আসেন অনিল।’

অনিলের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তাঁদের এক আত্মীয় জুলি বলেছেন, ‘নিনুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর শরীরের ১০ শতাংশ পুড়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অনিলের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা সবাই তাঁর জন্য প্রার্থনা করছি।’