স্ত্রীকে রক্ষা করায় মহাখাপ্পা স্বামী!
নদীতে হাবুডুবু খাচ্ছিলেন এক নারী। তাঁকে তুলে নিয়ে এলেন দমকলকর্মীরা। খুশিমনে ওই নারীর স্বামীকে খবরটা দেওয়া হলো। ও মা, তিনি তো রেগে আগুন! কার হুকুমে তাঁরা ওই নারীর আত্মহত্যা ঠেকালেন—এই জেরা তো তিনি করলেনই, পরে দেখে নেবেন বলেও হুমকি দিলেন।
গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের বল্লভ সদন এলাকায় এ ঘটনা ঘটে। সবরমতী নদীতে ডুবে মরতে বসা এক নারীকে উদ্ধার করে তাঁর স্বামীর রোষের মুখে পড়েছেন আহমেদাবাদ ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের (এএফইএস) দুই কর্মী।
এএফইএসের কর্মী ভারত মঙ্গেলা বলেন, ‘ওই নারীকে উদ্ধারের পর তাঁর স্বামী আমাদের তিরস্কার করে বলেন, “কার অনুমতিতে আমার স্ত্রীর আত্মহত্যাটা ভেস্তে দিলি।” শুধু তা-ই নয়, তিনি আমাদের ছবি তুলে রেখে হুমকি দিয়েছেন যে পরে এ ব্যাপারে আমাদের দেখে নেবেন। এ কারণে বিষয়টি আমরা পুলিশকে জানানোর সিদ্ধান্ত নিই।’
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, বল্লভ সদনের মিঠাখালী আবাসিক এলাকার ৩৭ বছর বয়সী এক নারী সবরমতী নদীতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পেয়ে এএফইএসের দুই কর্মী তাঁকে উদ্ধারে ছুটে যান। ওই নারীকে উদ্ধার করে ডাঙায় আনার পর তাঁর স্বামীকে খবর দেওয়া হয়। একটি সিএনজি স্টেশনের মালিক ওই স্বামী হন্তদন্ত হয়ে ছুটে আসেন নদীর পাড়ে। এসেই উদ্ধারকারীদের প্রতি মারমুখী হয়ে ওঠেন।
পুলিশ পরিদর্শক জে এ ভাগোরা বলেন, ওই দম্পতির ১০ বছরের বিবাহিত জীবনে দুই সন্তান রয়েছে। দাম্পত্য কলহ এমন পর্যায়ে পৌঁছায় যে ওই নারী আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানায়, ওই নারী স্বীকার করেছেন, দাম্পত্য কলহের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। স্বামীর সন্দেহ, পরপুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। স্ত্রীর সন্দেহ, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এই নিয়ে বিবাদ। তবে শেষমেশ নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে স্বামীর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই নারী।