কাশ্মীরে হত্যা: স্বজনদের লাশের অপেক্ষা কবে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বজনদের মরদেহের দাবিতেও বিক্ষোভ করতে হয় কাশ্মীরে
ফাইল ছবি: রয়টার্স

নভেম্বরের শীতের সন্ধ্যা। ঘটনাস্থল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর। দুই পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন তাঁদের স্বজনদের মরদেহের জন্য। দেহ দুটি বুঝে পেলে দ্বিতীয়বারের মতো দাফন করা হবে।

আলতাফ ভাট ও মুদাসির গুলের মরদেহ এর আগে দাফন করেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় তাঁরা মারা গেছেন। সন্ত্রাসীদের সঙ্গে তাঁদের যোগসূত্র ছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুজনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

বিবিসির বিশেষ প্রতিবেদনে বলা হয়, আলতাফ ভাট ও মুদাসির গুলের মরদেহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাফন করায় বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের জেরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাঁদের মরদেহ ফেরত দেওয়া হবে।

এমন ঘটনা শ্রীনগরে বিরল। এ ছাড়া স্বজনদের অভিযোগও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু নিহত ব্যক্তিদের পরিবার কর্তৃপক্ষের এমন আশ্বাসে বিশ্বাস করতে পারছে না। আলতাফ ভাটের বড় ভাই আবদুল মজিদ ভাট বলেন, ‘গত ৩০ বছরে কেউ বিচার পায়নি। আমরা কীভাবে আশা করি?’

নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন–পীড়নের অভিযোগ দীর্ঘদিনের। ভারতশাসিত কাশ্মীরের শত শত পরিবারের অভিযোগ, বেসামরিক মানুষদের সন্ত্রাসী তকমা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এখানেই ক্ষান্ত হচ্ছে না তারা। সন্ত্রাসী তকমা পাওয়া ব্যক্তিদের বিচারবহির্ভূতভাবে হত্যাও করা হচ্ছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে বিক্ষোভ বেড়েছে
ফাইল ছবি: রয়টার্স

অধিকারকর্মীরা বলছেন, ২০১৯ সালের আগস্টের পর সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কারণ, ওই সময় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয় এবং জম্মু ও কাশ্মীরকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, ২০১৯ সালে যখন থেকে জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তখন থেকে ক্ষমতার অপব্যবহার করছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে রয়েছে নিয়মিত হয়রানি, নির্বিচার আটক, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, তল্লাশিচৌকিতে জনসাধারণের সঙ্গে খারাপ আচরণ।

কিন্তু এসব অভিযোগই অস্বীকার করেছে নিরাপত্তা বাহিনী। সব সময়ই এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তারা। জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক কুলদীপ খোরা বলেন, তথ্যপ্রমাণ ছাড়াই পরিবারগুলো অভিযোগ করে থাকে, এমন বন্দুকযুদ্ধের ঘটনা ভুয়া।
নিরাপত্তা বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে অধিকারকর্মীদের বক্তব্যের মিল নেই। তাঁরা বলছেন, এসব হত্যাকাণ্ড নিয়ে মৌলিক তথ্য পেতেও পরিবারগুলোকে বেগ পেতে হয়।

এর একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ২০১৭ সালে অধিকারকর্মী মোহাম্মদ আহসান উনতু কাশ্মীর হিউম্যান রাইটস কমিশনে একটি আবেদন করেছিলেন। ১৯৮৯ সাল থেকে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে তথ্য চেয়েছিলেন তিনি। এক বছর পর মোহাম্মদ আহসান উনতু এই আবেদনের জবাব পেয়েছেন। এই জবাবে বলা হয়েছে, ১৯৮৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫০৬টি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি তদন্ত সম্পন্ন হয়েছে।

২০২০ সালের জুলাইয়ে ভারতীয় বাহিনী ঘোষণা দিয়েছিল, তারা তিনজন ‘গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে’ হত্যা করেছে। এরপর গোপনে এই তিনজনের মরদেহ দাফন করা হয়। এই তিন ব্যক্তির পরিবার তাঁদের মরদেহ ফেরত চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। করোনার বিধিনিষেধের কারণে এসব মরদেহ ফেরত দেওয়া হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন কথা বলছেন। তাঁরা বলছেন, এই তিনজনের মরদেহ ফেরত দিলে তাঁদের দাফনের সময় যে পরিস্থিতির সৃষ্টি হতো, তাতে উত্তেজনা আরও বাড়ত এবং পরিস্থিতি খারাপ হতো।

আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। ২০২০ সালে এক কিশোরকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছিল। এই কিশোর বাবা মোস্তাক আহমেদ ওয়ানি বলেন, সে স্কুলে পড়ত। কোনো সন্ত্রাসীর সঙ্গে তার যোগাযোগ ছিল না। এই কিশোরের লাশও ফেরত দেওয়া হয়নি।
এমন ঘটনার অসংখ্য উদাহরণ রয়েছে। তবে এ সেখানকার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ভারতীয় বাহিনী বিবিসির সঙ্গে কথা বলেনি।

কাশ্মীরে ১৯৮৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫০৬টি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি তদন্ত সম্পন্ন হয়েছে
ফাইল ছবি: রয়টার্স

আবারও ফেরা যেতে পারে ভাট ও গুলের নিহত হওয়ার ঘটনায়। শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, পুলিশের কাছে খবর ছিল, একটি ভবনে সন্ত্রাসী লুকিয়ে রয়েছে। এই ভবনের মালিক ছিলেন ভাট। আর এই ভবনে দোকান ছিল গুলের। গুলের হয়ে কাজ করছেন আমির মাজরে।

তো পুলিশ ওই ভবন তল্লাশির পর কোনো সন্ত্রাসীকে পায়নি। এরপর গুল, ভাট ও আমিরকে ছাদে পাঠানো হয়। সেখানকার কক্ষগুলোর তালা খোলার জন্য। ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই তিনজনের পেছন পেছন যাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কিন্তু ১৫ মিনিট পর আমরা দুটি গুলির শব্দ শুনতে পাই। এ সময় একজনকে দৌড়াতে দেখা যায়।’

যে তিনজনকে সামনে রেখে নিরাপত্তা বাহিনী পেছনে হেঁটেছে, সেই তিনজনকে কোনো সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি। এই তিনজনের মৃত্যু হয়েছিল সেদিন।