স্বজাতির 'প্রতিদানে' হতবাক শর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনশন ভঙ্গের পর ইরম শর্মিলা
অনশন ভঙ্গের পর ইরম শর্মিলা

ছিলেন নয়নের মণি। শুধু মণিপুরের আবালবৃদ্ধবনিতার কাছেই নন, গোটা পৃথিবীর মানবাধিকার আন্দোলনের কর্মীদের কাছে তিনি ছিলেন ‘কোহিনূর’। ২৪ ঘণ্টার মধ্যে সেই ইরম শর্মিলা চানু তামাম মণিপুরির ‘চোখের বালি’ হয়ে গেছেন। মুহূর্তের মধ্যে ভালোবাসা যে এভাবে ঘৃণায় রূপান্তর হতে পারে, জনমত এমন ১৮০ ডিগ্রি বদলে যেতে পারে, শর্মিলার তা হয়তো অজানাই ছিল। সম্ভবত এই উপলব্ধিও যে জীবন এমনই নিষ্ঠুর।
যে মণিপুরের প্রতিটি গৃহের দরজা তাঁর কাছে ছিল অবারিত, সেই মণিপুরে তাঁর নিজের বাড়ির দরজা মঙ্গলবার তাঁর মুখের ওপর কপাট আটকে দিয়েছে। এর চেয়ে বেশি বিস্মিত শর্মিলা আগে হয়তো কখনো হননি। দিন কয়েক আগে যেদিন তিনি সবাইকে চমকে দিয়ে জানালেন, সময় এসেছে এবার অনশন তুলে নেওয়ার, যেদিন দ্বিধাহীনভাবে বললেন, ষোলোটা বছর অনশন চালিয়ে তিনি কিছুই আদায় করতে পারেননি, এবার রাজনীতিতে নেমে মুখ্যমন্ত্রী হয়ে কালাকানুন ‘আফস্পা’ প্রত্যাহার করাবেন, সেদিনও তিনি কল্পনা করতে পারেননি, এত দিন যাঁরা ছিলেন তাঁর সহযোদ্ধা, রাত পোহাতে তাঁরাই হয়ে উঠবেন শত্রুপক্ষ। অবস্থা এতটাই ঘোরালো হয়ে ওঠে যে শর্মিলাকে ফিরে আসতে হয় সেই জওহরলাল নেহরু হাসপাতালে, যার ৮ বাই ১২ ফুটের একটা ঘর এত দিন ধরে ছিল তাঁর জেলখানা ও আস্তানা।
অস্বাভাবিকতা থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসার দাম যে এভাবে চুকোতে হবে, শর্মিলার তা জানা ছিল না। যেমন জানা ছিল না, তাঁর প্রেমের অপব্যাখ্যাও এভাবে হতে পারে।
নয় ভাইবোনের সবচেয়ে ছোট যে শর্মিলা, এ তথ্য এই উপমহাদেশের সবার জানা। ২০০০ সালের ২ নভেম্বর এক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১০ জন নিরীহ গ্রামবাসীকে সেনানীদের গুলিতে ঝাঁজরা হতে দেখে তিনি যে ‘আফস্পা’ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন, জানা সেই কাহিনিও। টানা ষোলোটা বছর ধরে সরকারের সঙ্গে তাঁর নিত্য খিটমিট, জোর করে অনশন প্রত্যাহারের চেষ্টা, নানা রকমের স্তোকবাক্য শোনানোর কাহিনি কারও অজানা নয়। এক একাকী নারীর সংগ্রামে ক্রমশ একটা রাজ্যের মানুষের সহমর্মী হয়ে ওঠা, সেই আন্দোলনে কখনো-সখনো রাষ্ট্রের সংকুচিত হয়ে যাওয়ার কাহিনিও ক্রমে ক্রমে সর্বজনীন হয়ে উঠেছে। কালো কোঁকড়া চুলের ৪৪ বছরের এই সংগ্রামী রমণীর ছবি এত দিন মানসপটে যেভাবে আঁকা হয়েছে, মঙ্গলবারের সেই ছবি তার তুলনায় সামান্যই পৃথক। নাকে ঢোকানো যে নল দিয়ে তাঁকে তরল খাবার খাওয়ানো হতো, নতুন ছবিতে অমিল সেটাই। কিন্তু সেটা যে আদৌ কোনো তফাত নয়, ফারাকটা যে আসমান-জমিনের সঙ্গে তুলনীয়, মঙ্গলবারই তা প্রতিভাত হয়। শর্মিলার কাছে এর চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না।
অনশনের সিদ্ধান্ত ছিল তাঁর নিজস্ব। কেউ তাঁকে অনশনে যেতে নির্দেশ দেয়নি। অনশন প্রত্যাহারের সিদ্ধান্তও তাঁর নিজস্ব, তাঁর ব্যক্তিগত অনুভূতির নির্যাস। এই অধিকার যে তাঁর রয়েছে, এত দিনকার সঙ্গীরা কেন তা বুঝতে পারছেন না, শর্মিলার বোধগম্য নয় তাও। এই নিষ্ফলা ষোলোটি বছরের পর দাবি আদায়ে তিনি যদি রাজনীতির ভিন্ন পথে এগোতে চান, সেই অধিকার তাঁকে দেওয়া উচিত। অথচ, তাঁর মা ৯৪ বছরের সখী মেয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। ভাই শুনিয়ে দিলেন, রাজ্যবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁর বোন। দীর্ঘ আন্দোলনের সঙ্গীরা ক্রোধান্বিত হয়ে বলতে শুরু করলেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় সত্যাগ্রহ আন্দোলনের পরিসমাপ্তি ঘটল। অনশন ভেঙে শর্মিলা বলেছেন, ‘আমি রাজের মুখ্যমন্ত্রী হতে চাই। ক্ষমতায় না এলে আইন বদলানো অসম্ভব।’ শর্মিলার এত বছরের সঙ্গীরা তা শুনে ঠোঁট বেঁকিয়ে বলছেন, এটা ভারতের চাল। প্রেমের ফাঁদে ফেলে ওকে সত্যাগ্রহ থেকে সরিয়ে দিল।
শর্মিলা প্রেমে পড়েছেন। সেই অধিকার তাঁর অবশ্যই আছে। প্রেমিক ডেসমন্ড কুটিনহো আধা ইংরেজ আধা ভারতীয়। শর্মিলার এত দিনের সহযোদ্ধারা রাজ্যবাসীর মনে এই ধারণাটাও গেড়ে দিতে চাইছেন যে শর্মিলাকে সামলাতে ভারতরাষ্ট্র আধা বিদেশি ওই প্রেমিককে টোপ করেছে।
আচমকা গৃহহীন শর্মিলা পারবেন কি স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজের মতো করে নিজের ইচ্ছানুযায়ী বাকি জীবনটা কাটাতে? উত্তরটা খুবই কঠিন। কেন না, রাজ্য প্রশাসন বলছে, হাসপাতালের এই কুঠুরিই তাঁর জন্য আপাতত নিরাপদ। জীবনের চুয়াল্লিশটা বছরের পর শুরু হলো শর্মিলার নতুন জীবন।