স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ক্ষুব্ধ শিবিরের লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে যে প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের সাবেক ছিটমহলের লোকজনকে ভারতে আনা হয়েছিল, এক বছর পর তা পূরণ না করায় লোকজনের একাংশ ছিটমহল বিনিময়ের প্রথম বর্ষপূর্তির উৎসব বয়কট করেছিল। ৬৮ বছরের অমীমাংসিত সমস্যা সমাধানের দুই বছর পেরিয়ে গেলেও ওই লোকজনের জন্য ঘোষিত সামাজিক ও আর্থিক প্রকল্প বাস্তবায়িত হয়নি। তাই শনি ও রোববার হলদিবাড়ি, মেখলিগঞ্জ এবং দিনহাটার অস্থায়ী শিবিরগুলোতে গিয়ে দেখা গেছে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ক্ষুব্ধ এসব লোকজন। ঐতিহাসিক সিদ্ধান্তের দ্বিতীয় বছরে এখানে এবার কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

২০১৫ সালের ৩১ জুলাই গভীর রাতে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি সাবেক ছিটমহল বিনিময় হয়েছিল। এই ছিটমহলের মধ্যে ভারতের ভূখণ্ডে ছিল বাংলাদেশের ৫১টি ছিটমহল আর বাংলাদেশের ভূখণ্ডে ছিল ভারতের ১১১টি ছিটমহল। এই ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৯২১ জন বাসিন্দা ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ফিরে আসেন পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায়। কিন্তু ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ছিটমহলের কোনো বাসিন্দা ফিরে যাননি বাংলাদেশে।

বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা থেকে আসা এসব লোকজন আশ্রয় নিয়েছেন মেখলিগঞ্জের অস্থায়ী শিবিরে। ছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা থেকে আসা এসব লোকজন আশ্রয় নিয়েছেন মেখলিগঞ্জের অস্থায়ী শিবিরে। ছবি: ভাস্কর মুখার্জি

আমরা তো এখন ফুটবল হয়ে গেছি

কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়িতে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া লোকজন তাঁদের ক্ষোভ আর স্বপ্নভঙ্গের কথা জানালেন। বিপুল চন্দ্র রায় বলেছেন, অস্থায়ী শিবিরে এখন ৪৬টি পরিবারের ২০৫ জন বাস করেন। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা থেকে আসা এসব লোকজন আশ্রয় নিয়েছেন এখানকার অস্থায়ী শিবিরে। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে একটি করে টিনের ছাউনি ও টিনের বেড়াযুক্ত ঘর। সবার জন্য অভিন্ন শৌচাগার দেওয়া হলেও মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাঁদের স্থায়ী আবাসনের জন্য শিবিরের কাছে পাকা দোতলা ভবন তৈরির কথা রয়েছে। তবে মেখলিগঞ্জের শিবিরের লোকজন পানিশালায় পরিকল্পিত পাকা বাড়িতে যাবেন না। কারণ, নদীতীরের এলাকা পানিশালা মানুষের বসবাসের অযোগ্য। তাই তাদের ভোটবাড়ির অস্থায়ী শিবিরে স্থায়ীভাবে পাকা বাড়ি করে দিতে হবে। তা না হলে তাদের ফেরত পাঠানো হোক বাংলাদেশে।

পানিশালায় যাবেন না, এই দাবিতে গত ১৪ জুন থেকে মেখলিগঞ্জ মহকুমা প্রশাসকের দপ্তরের অফিসের সামনে অনশন শুরু করেছিলেন শিবিরের লোকজন। তিন দিন পর জেলা প্রশাসনের মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অনশন প্রত্যাহার করেছিলেন। কিন্তু তারপর আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। অথচ আন্দোলন করতে গিয়ে তাঁরা পুলিশের হাতে মার খেয়েছেন। বৃদ্ধ ভৈরব বর্মণ তো বলেই ফেললেন, ‘আমরা তো এখন ফুটবল হয়ে গেছি। কখনো এখানে, কখনো ওখানে। যে যেভাবে শট দিচ্ছে, সেটাই আমাদের মেনে নিতে হচ্ছে।’

এখানকার লোকজনের অভিযোগ, সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, ভারতের কেন্দ্রীয় সরকার তাঁদের পুনর্বাসনের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবিলম্বে কার্যকর করতে হবে। স্থায়ী পুনর্বাসনের জায়গা পরিবর্তন করতে হবে। পাঁচের অধিক সদস্যের পরিবারকে দুই বা তিনটি পরিবারে ভাগ করতে হবে। তাঁদের পরিবারের মধ্যে যাঁরা এখনো বাংলাদেশ থেকে ফিরতে পারে, তাঁদের ফেরার ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তফসিলি জাতির স্বীকৃতি দিতে হবে।

হলদিবাড়ি অস্থায়ী শিবিরের বাসিন্দাদের অভিযোগ, সরকারি রেশনে তাঁদের চলছে না। ছবি: ভাস্কর মুখার্জি
হলদিবাড়ি অস্থায়ী শিবিরের বাসিন্দাদের অভিযোগ, সরকারি রেশনে তাঁদের চলছে না। ছবি: ভাস্কর মুখার্জি

জীবন চলে না সরকারি রেশনে
বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা ২০০টি পরিবারের ৯২৯ জন সদস্য এখন অস্থায়ীভাবে থাকছেন কোচবিহারের তিনটি অস্থায়ী ক্যাম্পে। এর মধ্যে মেখলিগঞ্জে ৪৬টি পরিবারের ২০৫ জন সদস্য, দিনহাটায় ৫৮টি পরিবারের ২৪৬ জন এবং হলদিবাড়িতে ৯৬টি পরিবারের ৪৭৬ জন সদস্য। হলদিবাড়ি অস্থায়ী শিবিরে গেলে সেখানকার বাসিন্দারা অভিযোগ করেন, সরকারি রেশনে তাঁদের কীভাবে চলবে? তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আগে তাঁরা চাষাবাদ করতেন, এখানে সে ব্যবস্থা নেই। একটিমাত্র ঘরে গাদাগাদি করে সবাইকে থাকতে হয়। চাকরি নেই, ঋণ নেই। কীভাবে বাঁচবেন তাঁরা! শিবিরের বাসিন্দা অশ্বিনী কুমার রায় বলেন, ‘আয়ের জন্য শিবিরের ২৭ জন ব্যাটারিচালিত টোটো গাড়ি চালায়। অনেকে দূরে চলে যান জমিতে কাজ করার জন্য। আমাদের পরিবারপ্রতি সরকার থেকে দেওয়া হয় ৩০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি কেরোসিন, ৫ কেজি মসুর ডাল, ১ কেজি গুঁড়ো দুধ আর এক কেজি লবণ। বলুন, এতে কি একটি পরিবার চলতে পারে?’ আবার যে পরিবারের সদস্যসংখ্যা পাঁচের বেশি, তাঁদের সদস্যপ্রতি অবশ্য পাঁচ কেজি চাল বাড়িয়ে দেওয়া হয়। তবুও তাঁদের চলছে না।

বাংলাদেশের পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা ও পঞ্চগড় সদর থেকে আসা শিবিরের লোকজনের ছেড়ে আসা ভিটেমাটির জন্য প্রাণ কাঁদে। আগের ভিটেতে ফিরতে মন চায়।

দিনহাটা শিবিরের বাসিন্দাদের অভিযোগ, কয়েক যুগ যে কষ্টে তাঁরা ভোগেননি, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা পেতে হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি
দিনহাটা শিবিরের বাসিন্দাদের অভিযোগ, কয়েক যুগ যে কষ্টে তাঁরা ভোগেননি, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা পেতে হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি

জেলখানার কয়েদি এখন

দিনহাটা শিবিরের বাসিন্দা হাওয়া বেগম বলেন, দীর্ঘ কয়েক যুগ যে কষ্টে তাঁরা ভোগেননি, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণায় তাঁদের এখন ভুগতে হচ্ছে। ‘স্বাধীনভাবে থাকার প্রত্যাশায় এসে এখন আমরা জেলখানার কয়েদি হয়ে গেছি। নিজের বাড়ি নেই, জমি নেই। কী করে বাঁচব? দেশে তো নিজস্ব জমি ছিল, কাজ ছিল, মাঠে কৃষিকাজ আর ছোট দোকানপাট চালিয়ে চলত আমাদের জীবন। এখন তো তার আর জো নেই। স্বাধীন দেশে যদি স্বাধীনতার অধিকার না পাই, তবে তো আমাদের ফিরে যাওয়াই উচিত।’

বাংলাদেশে থাকার সময় গ্রামে ডাক্তারি আর ছোট একটি ওষুধের দোকান দিয়ে সংসার চালাতেন ওসমান গনি। এখানে এসে প্রায় বেকার হয়ে গেছেন। কোনো রকমে টুকটাক কাজ করে সংসার টিকিয়ে রাখার যুদ্ধ করছেন।