স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় ঘুমিয়ে পড়লেন গোয়েন্দা প্রধান
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পুলিশ, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। বলছিলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় সদা সতর্ক থাকতে হবে। কিন্তু সে সময় ঘুমাতে দেখা গেল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) প্রধান রঞ্জিত সিনহাকে।
আজ শনিবার এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, টেলিভিশনের ক্যামেরায় তন্দ্রাচ্ছন্ন সিবিআই প্রধান ধরা পড়েন। আর সে সময় মন্ত্রী বলছিলেন, ‘এখানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন। তাঁদের কেউ কেউ অবসর গ্রহণের দ্বারপ্রান্তে। তবে অবসরে যাচ্ছেন বলে আপনারা ক্লান্ত হয়ে যাবেন না। জাতির নিরাপত্তা নিশ্চিতে আপনাদের অভিজ্ঞতা ও সক্ষমতা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
২ ডিসেম্বর সিবিআই প্রধান রঞ্জিত সিনহা অবসরে যাচ্ছেন। ঘুমিয়ে পড়া গোয়েন্দা প্রধান এ কথা শুনছেন কি না, তা অবশ্য জানা যায়নি।