স্বস্তিতে মনমোহন সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনমোহন সিং
মনমোহন সিং

কয়লা ব্লক বণ্টন মামলায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আদালতে হাজিরা দেওয়ার হাত থেকে সাময়িক রেহাই পেলেন। সুপ্রিম কোর্ট আজ বুধবার নিম্ন আদালতের সমন জারির নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন। এই বিষয়ে সিবিআই ও কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে আপিল জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের নিম্ন আদালত গত ১১ মার্চ কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। ৮ এপ্রিলের মধ্যে মনমোহন সিং, শিল্পপতি কুমরমঙ্গলম বিড়লা, সাবেক কয়লা সচিব পি সি পারেখসহ মোট ৬ জনকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মনমোহন সিং সহ অন্য অভিযুক্তরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
বুধবার সুপ্রিম কোর্টে মনমোহনের পক্ষে সওয়াল করেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল। তাঁর যুক্তি ছিল, স্ক্রিনিং কমিটির সুপারিশ মনমোহন মানেননি বলে নিম্ন আদালতের বিচারপতি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট আবার সেই কমিটির যাবতীয় সুপারিশ বাতিল করেন। কয়লা ব্লক বণ্টনও খারিজ করে দেন। সে ক্ষেত্রে স্ক্রিনিং কমিটির সুপারিশ না মেনে মনমোহন সিং অন্যায় কিছু করেননি। তা ছাড়া, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাবেক প্রধানমন্ত্রী ওডিশার মুখ্যমন্ত্রীর সুপারিশকে মর্যাদা দিয়েছিলেন। সেই সুপারিশ মেনেই তাল বিড়া-২ কয়লা ব্লক দিবালোকে মঞ্জুর করা হয়।
ভারতের সাবেক প্রধানমন্ত্রীদের মধ্যে একমাত্র নরসিংহ রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল। ঝাড়খন্ড মুক্তি মোর্চার সাংসদ কেনাবেচা ও সেন্ট কিংস মামলায় শেষ পর্যন্ত রাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট তাঁকে রেহাই দেন। তবে দিল্লির বিজ্ঞান ভবনে সিবিআইয়ের বিশেষ আদালত তৈরি করা হয়েছিল। সেখানেই হাজিরা দিতে হয়েছিল তাঁকে। বুধবার সুপ্রিম কোর্টে শুনানির সময় মনমোহন সিংয়ের কন্যা উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, বিচার ব্যবস্থার প্রতি তাঁদের আস্থা রয়েছে। নিম্ন আদালতের নির্দেশকে মনমোহন সিংয়ের আপিলে হাস্যকর বলে অভিহিত করা হয়েছে।