স্বাভাবিক হচ্ছে আসানসোল, যাচ্ছেন রাজ্যপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামনবমীকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল শহর এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এ সংঘর্ষে রাজ্যের বিভিন্ন স্থানে চারজনের মৃত্যু হয়েছে।

গত রোববার রামনবমীর দিন মিছিলকে ঘিরে আসানসোলে গোষ্ঠী সংঘর্ষ বাধে। গত মঙ্গলবার আসানসোলের নুরি মসজিদের ইমাম ইমদাদুল্লাহর ১৬ বছর বয়সী মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে নিখোঁজ হয়। পরে গত বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর আসানসোলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতিতে ইমাম নিজে ঘোষণা দিয়ে বলেছেন, ‘প্রতিশোধ নয়, বরং আসানসোলে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে।’

গত তিন দিনে আসানসোল অবরুদ্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে। সকাল থেকে কিছু কিছু যানবাহন চলাচল শুরু করেছে। বাজারও খুলছে। তবে শহরজুড়ে চলছে পুলিশি টহল। আসানসোলের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠাতে চাইলেও পশ্চিমবঙ্গ সরকার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছে, পশ্চিমবঙ্গ পুলিশ আসানসোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম।

অন্যদিকে, আসানসোলে এখনো জারি রয়েছে ১৪৪ ধারা। এ ছাড়া বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। প্রশাসন সূত্রে বলা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।

আসানসোলের পরিস্থিতি দেখতে এবং আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি আসানসোল ও রানীগঞ্জ যাচ্ছেন। তিনি এলাকা ঘুরে কথা বলবেন মানুষের সঙ্গে, আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে। তারপর তিনি প্রশাসনিক বৈঠক করবেন আসানসোলে। যদিও রাজ্যপাল গত বুধবার আসানসোলে আসতে চাইলেও রাজ্য সরকার নিরাপত্তার কারণে সেদিন আসানসোলে আসতে দেয়নি।

এদিকে বিজেপিও চার সদস্যের একটি কেন্দ্রীয় দল পাঠাচ্ছে আসানসোলে। এই দলে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র বিহারের শাহ নেওয়াজ খান, সহসভাপতি ও রাজস্থানের সাংসদ ওম প্রকাশ মাথুর, ঝাড়খন্ডের সাংসদ ভি ডি রাম এবং পশ্চিমবঙ্গের সংসদ সদস্য রূপা গঙ্গোপাধ্যায়। এদিকে বাম দল আজ রানীগঞ্জে শান্তি মিছিল বের করবে। এর নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা বিধায়ক সুজন চক্রবর্তী।

বৃহস্পতিবার ইমাম ইমদাদুল্লাহর ছেলের লাশ পাওয়ার পর উত্তপ্ত পরিস্থিতিতে ইমাম ঘোষণা করেন, তিনি চান না আর কোনো পরিবারের আপনজন খুন হোক। এ ঘটনার কেউ প্রতিশোধ নিতে চাইলে আসানসোল ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। সদ্য সন্তান হারানো বাবার এই অবস্থান সর্বত্র প্রশংসিত হয়। বৃহস্পতিবার ছেলের জানাজার সময় কয়েক হাজার মানুষের সামনে ইমাম বলেন, ‘আসানসোল শান্তির এলাকা। আমি ৩০ বছর যাবৎ এখানে আছি। আমি চাই না এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক।’ আরও বলেন, ‘আসানসোল শহর আমি চিনি। ভালোবাসি। কোনো দিন এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। আমার ছেলের হয়তো অতটুকু আয়ু ছিল।’