স্বাভাবিক হচ্ছে চেন্নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিজনিত বন্যায় ডুবে গিয়েছিল চেন্নাই শহর। তখন রাস্তায় গাড়ির বদলে চলেছে নৌকা। পানি সরে গিয়ে নৌকাটি আটকা পড়েছে রাস্তায়। গতকালের ছবি l এএফপি
বৃষ্টিজনিত বন্যায় ডুবে গিয়েছিল চেন্নাই শহর। তখন রাস্তায় গাড়ির বদলে চলেছে নৌকা। পানি সরে গিয়ে নৌকাটি আটকা পড়েছে রাস্তায়। গতকালের ছবি l এএফপি

দুই দিন বৃষ্টিহীন কাটলেও গতকাল শনিবার আবার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে। তা সত্ত্বেও ক্রমশ স্বাভাবিক হচ্ছে দক্ষিণের এই রাজ্য। অধিকাংশ রাস্তার জলাবদ্ধতা কেটেছে। শুরু হয়েছে গাড়ি চলাচল। বন্ধ বিমানবন্দরও পানিমুক্ত হয়েছে। যদিও বাণিজ্যিকভাবে বিমান চলাচল স্বাভাবিক হতে আরও একটা দিন লাগবে।
সরকারি দেওয়া হিসাব অনুযায়ী, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে ২৫০ জনের মৃত্যু হয়েছে। রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। সব জায়গায় বন্ধ থাকা বিদ্যুৎ সরবরাহও চালু করা যায়নি। খাদ্য-পানীয়-বাসস্থানের হাহাকারও রয়েছে। তবু এরই মধ্যে দ্রুত চলছে উদ্ধারকার্য এবং দুর্গত এলাকায় খাবার ও পানীয় জল সরবরাহের কাজ। এ কাজে ঝাঁপিয়ে পড়েছে সরকারি উদ্ধারকারী দল, সেনা-নৌ-বিমানবাহিনীর জওয়ান, রাজ্য প্রশাসন ও সাধারণ মানুষ। ক্রমশ স্বাভাবিক হচ্ছে টেলিকম পরিষেবা। আজ রোববার ছুটির দিন হলেও ব্যাংক খোলা রাখার কথা ঘোষণা করা হয়েছে। ৮ ডিসেম্বর পর্যন্ত বিনা ভাড়ায় বাসেও চড়া যাবে।
অবশ্য ‘নেই’-এর তালিকাও লম্বা। পেট্রলপাম্পে জ্বালানির সংকট, দুধ ও পানীয় জলের সংকট, এটিএমে টাকাও কম। শহরের সর্বত্রই এ জন্য দিনভর বিরাট লাইন চোখে পড়ে। তবে এত হাহাকার সত্ত্বেও আইনশৃঙ্খলার তেমন কোনো অবনতি দেখা যায়নি; বরং সহযোগিতার ছবিটাই এই কয়েক দিনে বড় হয়ে দেখা দিয়েছে।
কিন্তু এরই মধ্যে মাত্রাতিরিক্ত মুনাফা লোটার অভিযোগ উঠেছে বিমান কোম্পানিগুলোর বিরুদ্ধে। এয়ার ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রায় দ্বিগুণ ভাড়ায় বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের অদূরে রাজালিতে নৌবাহিনীর বিমানবন্দরে যাত্রী নিয়ে যাচ্ছে।