পদ্ম ফুটতেই উত্তর-পূর্ব ভারতের মণিপুর অনেকটা স্বাভাবিক। বিজেপির প্রতীক পদ্মফুল। টানা ১৫ বছরের কংগ্রেসি শাসন অবসানের পর এ রাজ্যে ক্ষমতায় ‘সংখ্যালঘু’ বিজেপি সরকার। বিজেপি ক্ষমতায় আসতেই ১৩০ দিনের অবরোধমুক্ত মণিপুর।
নতুন মুখ্যমন্ত্রী নংথমবম বীরেন সিং সোমবার আস্থা ভোটে জয় পেয়েছেন। এরপরই রাজ্যের দুই জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে ইউনাইটেড নাগা কাউন্সিল। রেলসেবাহীন রাজ্যটিকে তাঁরা ১ নভেম্বর থেকে অবরোধ করে রেখেছিলেন। আন্দোলনকারীরা বলেছিলেন, রাজ্যে কংগ্রেসের শাসন বহাল থাকলে অবরোধ উঠবে না। বাস্তবেও কংগ্রেস শাসনমুক্ত হওয়ার পরই উঠল অবরোধ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফের ট্রাক ঢুকছে মণিপুরে। মানুষের দুর্ভোগ কমছে কি না, সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না।
আস্থা ভোটের দিন, সোমবারই ইয়ামনাম ক্ষেমচাঁদ সিং মণিপুর বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন। কংগ্রেস গোপন ব্যালটে ভোট চেয়েছিল। কিন্তু সেই দাবি খারিজ করে দেন নবনির্বাচিত বিধানসভা অধ্যক্ষ। তাঁর দেওয়া রুলিংয়েই ধ্বনি ভোটে জয়লাভ করেন বীরেন সিং। ভোটে জিতে তিনি বিরোধীদের কাছ থেকে ইতিবাচক সহায়তার আশ্বাস চান।