স্বাভাবিক হচ্ছে মুম্বাইয়ের জীবনযাত্রা
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে গতকাল মঙ্গলবার অচল হয়ে পড়া ভারতের মুম্বাইয়ের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আজ বুধবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
গতকাল সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে মুম্বাই শহরের বিভিন্ন এলাকায় কোমর পর্যন্ত পানি জমে যায়। অনেক ফ্লাইট ও ট্রেন বাতিল করা হয়। শহরের অনেক লোক অফিসে ও বন্ধুবান্ধবের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন। জলাবদ্ধ সড়কে গাড়ি বিকল হয়ে পড়ায় সৃষ্টি হয় তীব্র যানজট।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল তীব্র বৃষ্টিপাতের সময় একটি বাড়ি ধসে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া রেললাইনে এক দুর্ঘটনায় এক নারী ও এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
আজ সকালে মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, যানজট পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল তারা ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা সম্ভবত গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল ১০টি ফ্লাইট বাতিল করা হয়।
আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে গতকাল এনডিটিভির খবরে জানানো হয়, বর্ষা মৌসুমে মুম্বাইয়ে এক দিনে স্বাভাবিক যে পরিমাণ বৃষ্টি হয়, তার চেয়ে নয় গুণ বেশি বৃষ্টি হয়েছে।