স্বাভাবিক হচ্ছে হরিয়ানা, হেনস্তা মুখ্যমন্ত্রী
ভারতের হরিয়ানা রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেও আজ মঙ্গলবার ক্ষুব্ধ জনতার হাতে হেনস্তা হয়েছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। দিল্লি যাওয়ার পথে রোহতকে থামলে ক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রীকে ঘিরে কালো পতাকা দেখায় ও স্লোগান দেয়।
এ সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যারা হিংসা ছড়িয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে তিনি বলেন, আন্দোলনের ফলে যাদের প্রাণহানি ঘটেছে ও সম্পত্তির ক্ষতি হয়েছে, তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এতে আশ্বস্ত হতে পারেনি জনতা। তারা মৌখিক প্রতিশ্রুতি নয়, মুখ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দাবি করে। পরে বিজেপির দলীয় কর্মী ও পুলিশ মুখ্যমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে। রাজ্য সরকারের দাবি, আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার ফলে প্রায় ৩৪ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
জানা গেছে, মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আলোচনায় বসবেন। ভেঙ্কাইয়া শিক্ষা ও সরকারি চাকরিতে জাঠ কোটা সংরক্ষণের প্রশ্ন বিবেচনায় কেন্দ্র গঠিত উচ্চপদস্থ কমিটির নেতা।
এদিকে জাঠ সংরক্ষণের প্রশ্নে নতুন করে হিংসা ছড়ানোয় গতকাল সোমবার রোহতক ও সোনেপতে দুজনের মৃত্যু হয়েছে। গত চার দিনে এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৯।
আজ সেনাবাহিনী মুনাক খালের দখল নেওয়ায় রাজধানী দিল্লিতে পানি-সংকটের আশঙ্কা অনেকটাই দূর হয়েছে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। মুনাক খাল দিয়েই দিল্লিতে পানি সরবরাহ করা হয়। রাজ্যের সর্বত্র কারফিউ শিথিল হলেও কোনো কোনো স্থানে নৈশকালীন কারফিউ জারি আছে। জাতীয় সড়কগুলোর অবরোধ সরিয়ে দেওয়া হলেও যান চলাচল খুব একটা স্বাভাবিক হয়নি।
এদিকে হরিয়ানার পাশের রাজ্য রাজস্থানের কোনো কোনো এলাকায় অশান্তি ছড়িয়েছে। জয়পুর, ডিগে জাতীয় সড়ক অবরুদ্ধ করা হয়েছে। পূর্ব রাজস্থানের ধরমুইয়ে সরকারি বাসে আগুন ও রাজস্থান-মুম্বাই রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে অনেক পর্যটক রাজ্যের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। ভারতীয় রেল জানিয়েছে, বাতিল ট্রেনের যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে।
হরিয়ানা স্বাভাবিক হয়ে ওঠার পথে এগোলেও কোটা সংরক্ষণের প্রশ্নে রাজনৈতিক চাপান-উতোর অব্যাহত আছে। অনগ্রসর হলেও হরিয়ানার জাঠেরা অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে যথেষ্ট অগ্রসর। এই জাঠদের রাজনৈতিক প্রভাব নষ্ট করার একটা ‘চক্রান্ত’র অভিযোগ অ-জাঠ রাজনীতিকদের বিরুদ্ধে উঠেছে। আন্দোলনের ফলে সেই রাজনৈতিক বিরোধ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে।