স্বামীর পাসপোর্টে ৪২০০ মাইল পথ পাড়ি দিলেন ভারতীয় নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গীতা মোধা স্বামীর পাসপোর্ট নিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে ভারতের নয়াদিল্লতে পৌঁছান। ছবি: সংগৃহীত
গীতা মোধা স্বামীর পাসপোর্ট নিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে ভারতের নয়াদিল্লতে পৌঁছান। ছবি: সংগৃহীত

উড়োজাহাজে একজন নারী তাঁর স্বামীর পাসপোর্ট দেখিয়ে ইংল্যান্ড থেকে ভারতে এসেছেন। ম্যানচেস্টার থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছেন। এ ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ। 

ওই নারীর আত্মীয়রা বলছেন, ব্যবসায়িক কাজে যাওয়ার সময় ভুলবশত ২৩ এপ্রিল স্বামীর পাসপোর্ট নিয়ে গেছেন তিনি।

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গীতা মোধা নামের এক নারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে করে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। কিন্তু তিনি স্বামীর পাসপোর্ট দেখিয়ে নির্বিঘ্নে নয়াদিল্লি পৌঁছান। বিমানবন্দরে ও উড়োজাহাজে চেক ইন করার সময়ও বিষয়টি ধরা পড়েনি। দিল্লিতে পৌঁছানোর পরই ৫৫ বছর বয়সী ওই নারী বুঝতে পারেন যে স্বামীর পাসপোর্টে এসেছেন।

গীতা মোধা ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যর নাগরিক সেখানে। তিনি ব্যবসার কাজে ম্যানচেস্টার থেকে দিল্লি যাচ্ছিলেন। ভুলে স্বামী দিলীপের পাসপোর্ট সঙ্গে নেন।

এমিরেটস এয়ারলাইনস ইতিমধ্যেই এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বিমান কর্তৃপক্ষ বলেছে, এ ক্ষেত্রে তারা স্বাভাবিক মান অনুসরণ করেনি। বিমান কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে, কীভাবে একজন নারী তাঁর স্বামীর পাসপোর্ট দেখিয়ে ৪ হাজার ২০০ মাইল পথ পাড়ি দিলেন।

গীতা মোধার একজন আত্মীয় বলেন, দিল্লি পৌঁছানোর পর ইমিগ্রেশন ফরম পূরণের সময় তিনি ভুলটি বুঝতে পারেন। পরে তাঁকে ভারতে আর ঢুকতে দেয়নি ইমিগ্রেশন এবং পরের ফ্লাইটে তাঁকে দুবাইতে ফেরত পাঠানো হয়। দুবাইতে প্রায় এক রাত বিমানবন্দরেই ছিলেন গীতা। পরে এয়ারলাইনসের কাছে তাঁর নিজের পাসপোর্ট যাওয়ার পরই দিল্লি যাওয়ার অনুমতি মেলে গীতার।

ওই আত্মীয় আরও বলেন, বিষয়টি দুঃখজনক। গীতা খুবই উদ্বিগ্ন ছিলেন। প্রথমে চেক ইনের সময় বিষয়টি ধরা পড়লে তাঁর নিজের পাসপোর্ট আনিয়ে নেওয়ার মতো অনেক সময় হাতে ছিল। কিন্তু এমন সময় ব্যাপারটি ধরা পড়ল, তখন আর কিছুই করার ছিল না।

এমিরেটসের একজন মুখপাত্র বলেন, এ ঘটনার জন্য আমরা গীতা মোধার কাছে দুঃখ প্রকাশ করেছি।

এমিরেটসের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে গীতা মোধা বিমানবন্দরে পৌঁছেছিলেন। ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এয়ারলাইনস কর্তৃপক্ষের দায়িত্ব ছিল বিষয়টি ধরার। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তাঁরা এখন এটি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছেন।