স্বামীর সঙ্গে প্রবাসে গেলেই কি সুখ?
ভারতে প্রবাসী পাত্রের কদর অনেক। বেশির ভাগ মা-বাবা মনে করেন, স্বামীর হাত ধরে মেয়ে একবার বিদেশে যেতে পারলেই হলো, হাতের মুঠোয় স্বপ্নের জীবন। বাস্তবতা ভিন্ন। সেখানে অনেক নারী স্বামীর হাতে নির্যাতিত হন। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি আট ঘণ্টায় কমপক্ষে একজন ভারতীয় নারী দেশে ফিরতে চেয়ে বাড়িতে ফোন দেন। কারণ আর কিছুই নয়, স্বামীর নির্যাতন।
প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এ ধরনের নির্যাতনের অভিযোগে ফোন এসেছে ৩ হাজার ৩২৮টি। অর্থাৎ, প্রতি আট ঘণ্টায় বা দিনে তিনবার সাহায্য চেয়ে এ ধরনের ফোন আসছে। প্রতিটি ক্ষেত্রেই প্রবাসী স্বামীর কাছ থেকে দেশে ফেরার আবেদন জানান তাঁরা। কেউ কেউ অভিযোগ করেন, বিয়ে করে নিয়ে গেলেও স্বামী অন্য কারও সঙ্গে থাকেন। কেউবা অভিযোগ করেন, শারীরিক বা মানসিক নির্যাতন হচ্ছে তাঁর ওপর।
আইনজীবী, মানবাধিকারকর্মী ও বাইরে ভারতীয় মিশনের সঙ্গে সম্পৃক্ত লোকজন জানিয়েছেন, এই নারীদের বেশির ভাগই অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব ও গুজরাটের বাসিন্দা।
ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক পিস অপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টও কয়েক বছর আগে এ ধরনের একটি গবেষণা করেছিল। তারা নির্যাতনের এসব ঘটনা নিশ্চিত করেছে।
১৬ বছর ধরে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে চাকরি করেন অর্থী রাও। অনেকটা সময় কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। তিনি বলেন, বেশির ভাগ নির্যাতনের শিকার নারী অন্ধ্র প্রদেশ থেকে এসেছেন, সেখানে যৌতুকপ্রথা খুব প্রচলিত। ওই সব অঞ্চলের বিদেশে থাকা ছেলেরা মা-বাবাকে খুশি করতে ভারতে গিয়ে বিয়ে করেন। কিন্তু বিদেশে ফিরে বেশির ভাগই আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না।
অর্থী রাও এক নারীর উদাহরণ দেন। সাজিয়া (ছদ্মনাম), যিনি বাহরাইনে স্বামীর নির্যাতনের শিকার হন। তাঁর স্বামী তাঁর পাসপোর্ট আটকে রাখেন। এমনকি বাড়িতেও ফোন করতে দিতেন না।
অর্থী পরে পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসবেও কাজ করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তিনি এ ধরনের বহু অভিযোগ পেয়েছেন।
আগের প্রবাসী ভারতীয়বিষয়ক মন্ত্রণালয়কে বর্তমানে পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের (এমইএ) সঙ্গে একীভূত করা হয়েছে। প্রবাসী ভারতীয়বিষয়ক মন্ত্রণালয় এ ধরনের নারীদের জন্য ২০০৭ সালে একটি প্রকল্প চালু করেছে। বর্তমানে এমইএ মদদ নামের একটি পোর্টালের নামে এসব অভিযোগ সমাধানের চেষ্টা করে যাচ্ছে।