স্লোগান নিয়ে এবার ফতোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ‘ভারত মাতা কি জয়’ স্লোগান না দেওয়া নিয়ে এবার ফতোয়া জারি হলো ভারতে। হায়দরাবাদের প্রভাবশালী ধর্মীয় শিক্ষায়তন জামিয়া নিজামিয়া এক ফতোয়া জারি করে বলেছে, ইসলামে ‘ভারত মাতা কি জয়’ ধরনের স্লোগান দেওয়ার কোনো বিধান নেই। অবিভক্ত অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশিষ্ট আলেম সৈয়দ গোলাম সামদানি আলি কাদরি এ বিষয়ে প্রতিষ্ঠানটির অভিমত জানতে চাইলে জামিয়া নিজামিয়া গত শুক্রবার এই বিধান দেয়। ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়া নিয়ে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে, এই ফতোয়া তাতে নতুন এক মাত্রা যোগ করল।
বিতর্কের শুরু রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের একটি মন্তব্য থেকে। ৩ মার্চ এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ দেশে কিছু মানুষ আছেন, যাঁরা ভারত মাতা কি জয় বলতে চান না। তাঁদের এটা বলা শেখাতে হবে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ঘটনার পরিপ্রেক্ষিতে বলা ভাগবতের এই মন্তব্যের পর ক্রমশ বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ১০ দিন পর ১৩ মার্চ অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এক জনসভায় বলেন, গলায় ছুরি ধরেও কেউ যদি তাঁকে ভারত মাতা কি জয় স্লোগান দিতে বলে, তা হলেও তিনি তা দেবেন না। এর ঠিক দুই দিন পর প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার রাজ্যসভায় বলেন, যতবার দরকার হবে, তিনি ততবার ভারত মাতা কি জয় বলবেন। প্রায় একই সময়ে উত্তর প্রদেশে বেশ কয়েকজন মুসলমান রক্ত দিয়ে ওই স্লোগান লেখেন। এরপরেই ঘটে যায় মহারাষ্ট্র বিধানসভার ঘটনা।
মহারাষ্ট্র বিধানসভায় এআইএমআইএম দলের সদস্য ওয়ারিশ পাঠান সভাকক্ষে এই স্লোগান দিতে অস্বীকার করেন। এ জন্য ওয়ারিশ পাঠানকে সভা থেকে সাসপেন্ড করা হয়। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও সম্প্রতি টুইট করে বিজেপি ও পিডিপির ওপর চাপ সৃষ্টি করেছেন। তাঁর প্রশ্ন, বিজেপি কি পিডিপির নেত্রী মেহবুবা মুফতিকেও এই স্লোগান দিতে বাধ্য করবে? গতকাল শনিবার ওমর বলেন, ‘আমি ভারত মাতার নামে স্লোগান দিতেই পারি। কিন্তু এই স্লোগান দিলেই আমি জাতীয়তাবাদী, না দিলে নই, কে বলেছে? কাউকে খুশি করতে বা কারও সার্টিফিকেট পেতে এই স্লোগান আমি দেব না।’