সড়ক দুর্ঘটনায় আহত মমতার ভাতিজা অভিষেক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে সিঙ্গুরের কাছে তিনি দুর্ঘটনায় পড়েন।
আহত অবস্থায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক রাজেশ ট্যান্ডনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করতে মুখ্যমন্ত্রী সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
দলীয় কাজ শেষ করে বহরমপুর থেকে কলকাতায় ফেরার পথে তাঁকে বহনকারী গাড়িটির সামনের চাকার টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হন তিনিসহ চার নিরাপত্তারক্ষী। রাজ্য পুলিশের ডিজি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছে, ড্রাইভার তখন অসতর্ক হয়ে গাড়ি চালাচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ছুটে যান হাসপাতালে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অভিষেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। অভিষেকের মাথা, ঘাড়, পা এবং চোখে আঘাত লেগেছে বলে জানা গেছে।