সড়কে উড়ন্ত বিষাক্ত ফেনা আসলে কী?

এটা পুরোনো খবর যে ভারতের বেঙ্গালুরুর ভারথুর লেকের পাশের ব্যস্ত সড়কে উড়ছে সাদা মেঘের মতো বিষাক্ত ফেনা। মানুষ এসব মাড়িয়ে গন্তব্যে যেতে চাইছেন না, ভয় পাচ্ছেন। তবে এই বিষাক্ত ফেনা কী, কেন এটা বিষাক্ত, কেনই বা এভাবে উড়ে বেড়াচ্ছে আর এতে ক্ষতিই বা কী হতে পারে—এসব নিয়ে চলছে নানা আলোচনা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এবার বেশ আগেভাগেই বর্ষা এসেছে বেঙ্গালুরুতে। এতে অসহনীয় গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে বাসিন্দারা। তবে নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে এই বিষাক্ত ফেনা। ভারথুর লেকের পাশের হোয়াইটফিল্ড মূল সড়ক ছেয়ে গেছে সাদা মেঘের ফেনায়। এই বিষাক্ত সাদা ফোমের কারণে চলাচলে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা। আরও আতঙ্কের বিষয় হলো, লেকের পাশের একটি হাসপাতাল ও বিপণিকেন্দ্রেও এগুলো উড়ে যাচ্ছে।
প্রবীর বি নামের এক বাসিন্দা বলেন, গত শনিবার সকাল থেকে রাস্তায় উড়ছে এই বিষাক্ত ফেনা। এগুলো মূলত লেকের পানিতে ভাসছে। তবে বাতাসের তোড়ে উড়ে চলে আসছে রাস্তার পাশের সড়কে।
ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, ৪২০ একর বিস্তৃত ভারথুর লেক বেঙ্গালুরুর বড় লেকগুলোর একটি। কিন্তু আশপাশের বিভিন্ন কারখানার বর্জ্য, বিষাক্ত রাসায়নিক ও আবর্জনা এসে জমা হয় ওই লেকে। ফলে লেকের পানি মাত্রাতিরিক্ত দূষিত। মূলত লেকের পানির মাত্রাতিরিক্ত দূষণ থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নানা জায়গা থেকে ভারথুর লেকে জমা হয় আবর্জনা। এর ফলে লেকের পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের পরিমাণ থাকে অনেক বেশি, আর দ্রবীভূত অক্সিজেনর মাত্রা থাকে অনেক কম। এটা থেকে এই সাদা ফেনা তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য প্রশাসন।

ফেনার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষাগারে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাসায়নিকভাবেই এটি তৈরি হয়েছে। এটি আসলে কী, আরও কয়েকটি পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে। তবে এই সাদা ফেনা অত্যন্ত বিষাক্ত। এটি যেন গায়ে না লাগে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন তাঁরা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সাদা ফেনা যাদের গায়ে লাগছে, সঙ্গে সঙ্গে তাদের চুলকানি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফেনা গায়ে লাগলেই চুলকানোর পাশাপাশি জ্বালা করছে। লাল হয়ে যাচ্ছে।
এদিকে, আজ মঙ্গলবার হোয়াইটফিল্ড মূল সড়কের আশপাশে আগুনের ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সরকারি কর্তৃপক্ষ জানায়, দূষণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেনি। লেকের ধারে শুকনো আবর্জনায় আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছরও এই লেকের পাশে আগুন লেগেছিল।
আরও পড়ুন:
সড়কে উড়ছে বিষাক্ত ফেনা