সড়কে কুপিয়ে তরুণী খুন, বাঁচাতে এগিয়ে এলেন না কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরের ব্যস্ত সড়ক। মেয়েটি বাসায় ফিরছিলেন বাইকে। এক যুবক তাঁর গতিরোধ করলেন। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন তিনি। আশপাশে অনেক লোকজন ছিল, ছিল পথচারীও। তাঁরা কেবল তাকিয়ে তাকিয়ে দেখছেন এ দৃশ্য। এগিয়ে আসেনি কেউ। ছুরিকাঘাতেই রাস্তায় মারা গেলেন মেয়েটি। ভারতের রাজধানী নয়াদিল্লির বুরারি এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এনডি​টিভির খবরে বলা হয়, মেয়েটির নাম করুনা (২১)। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। সিসি ক্যামেরায় এ নৃশংস খুনের ঘটনাটি ধরা পড়েছে। ভারতের গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় এমন নৃশংসতার খবর গুরুত্ব দিয়েই প্রচার করা হচ্ছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, ওই যুবক মেয়েটিকে প্রায় ৩০ বার ছুরিকাঘাত করছেন। পাথর দিয়ে আঘাত করছেন। লাথি মারছেন। কয়েকজন লোক কেবল এতক্ষণ তাকিয়ে দেখছিলেন। কেউ আবার তাকিয়ে চলে যাচ্ছিলেন পাশ দিয়ে।
হামলাকারী মেয়েটির মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত এ বর্বরতা চালান। পরে ঘটনা ঘটিয়ে পালানোর সময় হুঁশ ফেরে আশপাশের লোকজনের। তাঁরা তাঁকে ধরে ফেলেন। পরে পুলিশে দেন।

মেয়েটির পরিবার বলছে, ওই যুবক তাঁদের প্রতিবেশী। তিনি করুনাকে বিভিন্ন সময় হয়রানি করতেন। বিষয়টি পাঁচ মাস আগে পুলিশকে জানানোও হয়েছিল।
পুলিশের দাবি, দুই পরিবার এক সমঝোতায় পৌঁছেছিল।