সড়কের নাম 'সত্যজিৎ রায় ধরণী'

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এবার চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ওই সড়কের নাম রাখা হয়েছে ‘সত্যজিৎ রায় ধরণী’। পথের নাম সরণি না রেখে ধরণী রাখা নিয়ে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে যুক্তি।
গত মঙ্গলবার দক্ষিণ কলকাতা লি রোডে সত্যজিৎ রায়ের বাসভবনের সামনের সড়কের নাম পরিবর্তন করে ‘সত্যজিৎ রায় ধরণী’ নামাঙ্কিত একটি ফলকও লাগানো হয়েছে।
সত্যজিৎ রায়ের বাসভবনের সামনের সড়কে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয় কলকাতা পৌর করপোরেশন। গত সোমবার বিকেলে এ উপলক্ষে ওই বাসভবনের কাছে সৌন্দর্যবর্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে মেয়র ঘোষণা দেন, এই লি রোডের নাম পরিবর্তন করে সত্যজিৎ রায় সরণি করা হবে। এ সময় পাশে থাকা মুখ্যমন্ত্রী বলেন, ‘সরণি তো অনেক আছে, এটা সত্যজিৎ রায় ধরণী করে দাও’। এরপর মঙ্গলবার পৌর করপোরেশন ওই সড়কে ‘সত্যজিৎ রায় ধরণী’ লেখা সাইনবোর্ড ও নামফলক স্থাপন করে।
সড়কের এই নামকরণের বিষয়ে ভাষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরাতো ধরণী বলতে পৃথিবীকে বুঝি। উনি কী ভেবে ধরণী রেখেছেন, তা উনিই বলতে পারবেন। আমাদের হয়তো জ্ঞানের ঘাটতি রয়েছে। মনে হলো, এটা একটা হাস্যকর ব্যাপারই।’
কলকাতার ভাষা ও চেতনা সমিতির সাধারণ সম্পাদক ইমানুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি সব সময় নতুনের পক্ষে। তবে মুখ্যমন্ত্রী কী অর্থে এই নামকরণ করলেন বুঝে উঠতে পারিনি। পথের নাম সাধারণত সরণিই হয়ে থাকে। মানুষ যদি এটাকে মেনে নেয় তবে থাকবে, না নিলে থাকবে না।’

কবি সুবোধ সরকার ধরণী নামের সঙ্গে একমত হয়ে প্রথম আলোকে বলেন, ‘একদিন এই ধরণীই ট্রেডিশন হয়ে যাবে। কেন না কেউ এর অর্থ নিয়ে এখনো ভাবতে পারছেন না। সত্যজিৎ রায় শুধু বাংলার নন, ভারতের নন, তিনি বাংলাদেশের, মিয়ানমারের, ভুটানের, সারা পৃথিবীর। কিছু কিছু মানুষের নতুন কিছু দেখলেই মাথা খারাপ হয়ে যায়। অর্থ বোঝার চেষ্টা করে না। সরণির পরিবর্তে ধরণীতে আপত্তি কেন তাঁদের?’