হঠাৎ জেগে ওঠা সেই ব্যক্তি চলেই গেলেন
মর্গে ময়নাতদন্তের আগে হঠাৎ জেগে ওঠা প্রকাশ অবশেষে মারাই গেলেন। গত রোববার ভারতের মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে প্রকাশকে নিয়ে আসা হয়। সেখানকার জ্যেষ্ঠ একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর লাশকাটার ঘরে ময়নাতদন্তের আগ মুহূর্তে জেগে ওঠেন প্রকাশ। কিন্তু দুদিন পর গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, একটি বাসস্টপে অচেতন পড়ে ছিলেন প্রকাশ। সেখান থেকে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে আসে। এরপর একজন জ্যেষ্ঠ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। অথচ নিয়ম অনুযায়ী কোনো রোগীকে মৃত ঘোষণা করার পর অন্তত দুই ঘণ্টা ওয়ার্ডে রাখতে হয়—পাছে চিকিৎসক কোনো ভুল করে থাকেন।
হাসপাতালের ডিন সুলেমান মার্চেন্ট বিবিসিকে বলেন, ৫০ বছর বয়সী প্রকাশ গত মঙ্গলবার রাতে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে। তিনি বলেন, প্রকাশের চেতনা ছিল না। তাঁর ডান কানে পোকা ছিল। এসবেরই চিকিৎসা চলছিল। তাঁর রক্তে বিভিন্ন উপাদানের ভারসাম্যহীনতা ছিল। রক্তশূন্যতার কারণে তাঁর শরীরে রক্ত দেওয়া হয়।
গতকাল সোমবার ডিন সুলেমান মার্চেন্ট এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রকাশ মদ্যপ ছিলেন। তিনি ‘নিজের কাছেই ছিলেন অবহেলিত’। তাঁর মুখে ও কানে পোকা কিলবিল করছিল। এসব পোকা মানুষের টিস্যু খেয়ে ফেলে। সাধারণত লাশের শরীরে এমন পোকার জন্ম হয়।
আর প্রথম দিনেই তাঁকে মৃত ঘোষণার বিষয়টি তদন্ত করা হচ্ছে।