বিচারপতি নিয়োগ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর হতচকিত কেন্দ্রীয় সরকার এখনো মনস্থির করে উঠতে পারছে না, কীভাবে পরিস্থিতির মোকাবিলা করবে।
গত শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চ রায় দেন, বিচারপতিদের নিয়োগ-বদলির ক্ষমতা ‘কলেজিয়ামের’ হাত থেকে নিয়ে যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশনের (এনজেএসি) হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কমিশন অসাংবিধানিক। তবে কলেজিয়াম পদ্ধতির ত্রুটি-বিচ্যুতি দূর করার সুপারিশ বা পরামর্শ গ্রহণে সুপ্রিম কোর্টের আপত্তি নেই। আগামী ৩ নভেম্বর সেই সুপারিশ বা পরামর্শ সুপ্রিম কোর্ট শুনবেন।
এই রায় সরকারের কাছে এক বিরাট ধাক্কা। কারণ, বিচারপতি নিয়োগে প্রশাসনিক দায়িত্ব গ্রহণে আগ্রহী সরকার সংবিধান সংশোধন করে এনজেএসি গঠন করেছিল। শুধু তা-ই নয়, সংসদে সর্বসম্মতিক্রমে সেই বিলটি পাস হয়েছিল।
মন্ত্রিসভার এক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিদেশ সফর করে ফিরলে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করা হবে। সরকারের কাছে কয়েকটি বিকল্প রয়েছে। যেমন, রায়ের পর্যালোচনা করার আবেদন বা রিভিউ পিটিশন। সরকারের আইনজ্ঞ মন্ত্রীরা অবশ্য মনে করছেন, বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা যে যুক্তিতে সরকারি উদ্যোগকে খারিজ করেছেন, তাতে রিভিউ পিটিশন করে লাভ নেই। দ্বিতীয় উপায় হলো, অধ্যাদেশ জারি করা। কিন্তু সে ক্ষেত্রে বিচার বিভাগের সঙ্গে আইন বিভাগ ও প্রশাসনের দ্বন্দ্ব সরাসরি ও প্রকাশ্য হয়ে যাবে। সরকারের একটি সূত্রের মতে, কেন্দ্র এই প্রত্যক্ষ সংঘাতে যেতে রাজি হবে না। তৃতীয় বিকল্প হলো কলেজিয়াম পদ্ধতি রদ করতে নতুন এক বিল নিয়ে আসা।
গতকাল কংগ্রেস নেতা জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, মোদি সরকার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকার ও ক্ষমতা খর্ব করে চলেছে।
কমিশনের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগের প্রস্তাবটি ছিল কংগ্রেসেরই। ক্ষমতায় এসেই বিজেপি সেটা নিয়ে উঠেপড়ে নামে। ২০১৪ সালের জুনেই সর্বসম্মতভাবে সংবিধান সংশোধন বিল পাস হয়ে যায়। গঠিত হয় এনজেএসি। কিন্তু এরপর থেকেই বিজেপি বিভিন্নভাবে কংগ্রেস ও নেহরু-গান্ধী পরিবারকে আক্রমণ করতে থাকে। দুই দলের সংঘাত তীব্রতর হয়। যে কংগ্রেস এনজেএসি বিলকে সমর্থন করেছিল, তারাই এখন এই প্রশ্নে সরকারের সঙ্গ ত্যাগ করছে।
অভিষেক মনু সিংভি গতকাল বলেছেন, সুপ্রিম কোর্ট নিজেই যখন কলেজিয়াম পদ্ধতিতে সংস্কার আনার প্রয়োজনীয়তা মেনে নিয়েছেন, তখন সেই পর্যন্ত অপেক্ষা করা দরকার।