হত্যার দায় মন্ত্রীর ওপর চাপাতে নারাজ বিজেপি
ভারতে বিরোধীদের দাবি সত্ত্বেও লখিমপুর খেরি–কাণ্ডের দায় কেন্দ্রীয় মন্ত্রীর ওপর চাপাতে শাসক দল বিজেপি নারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতেও দলটি রাজি নয়। সরাসরি না হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি হাবেভাবে বুঝিয়ে দিয়েছে।
দলের শীর্ষ নেতারা বলছেন, ছেলের ‘অপরাধে’ বাবাকে শাস্তি দেওয়া যায় না। এ কারণে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও অজয় মিশ্রকে নিয়ে কোনো আলোচনা হয়নি।
গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে গাড়ি চালিয়ে চারজনকে হত্যা করা হয়। কৃষকদের অভিযোগ, একটি গাড়ির চালক ছিলেন অজয় মিশ্রর ছেলে আশিস। সুপ্রিম কোর্টের চাপে ঘটনার বেশ কিছুদিন পর আশিসকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিশেষ তদন্তকারী দল সম্প্রতি আদালতকে জানিয়েছে, লখিমপুর খেরির ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল না। সেটি ছিল পূর্বপরিকল্পিত। ওই প্রতিবেদন পাওয়ার পর দুদিন ধরে সংসদে বিরোধীরা সরব হয়েছেন।
গত বুধবার লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ নিয়ে আলোচনার জন্য এক মুলতবি প্রস্তাব দেন। বৃহস্পতিবার এ নিয়ে সরব হন। বলেন, ‘আমরা আলোচনা চাইছি কিন্তু সরকার তা এড়িয়ে যাচ্ছে বিষয়টি “বিচারাধীন” যুক্তি দেখিয়ে। অজয় মিশ্র অপরাধী। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আড়াল করছেন রাজনৈতিক স্বার্থে।’
রাজ্যসভায় এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মুলতবি প্রস্তাব জমা দেয় তৃণমূল কংগ্রেসও। অজয়ের অপসারণের দাবিতে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিরোধীরা ধরনাও দেন।
বিজেপি অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে রাজি নয় উত্তর প্রদেশের নির্বাচনের কারণে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ওপর রাজ্যের ব্রাহ্মণসমাজ একেবারেই প্রসন্ন নয়। অথচ রাজ্যের ব্রাহ্মণেরা কয়েক বছর ধরে বিজেপিকে জোরালো সমর্থন করে আসছেন। ক্ষুব্ধ ব্রাহ্মণদের মান ভাঙাতে সম্প্রতি রাজ্য ও কেন্দ্রে মন্ত্রিসভায় রদবদল ঘটানো হয়েছে। এ অবস্থায় ‘ব্রাহ্মণ’ অজয় মিশ্রকে বরখাস্ত করা হলে ভোটে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও গতকাল প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে বলেন, ‘ধার্মিক পোশাক পরে এ সত্য আড়াল করতে পারবেন না যে আপনি একজন অপরাধীকে রক্ষা করছেন। নৈতিক দিক থেকে সরকার যে দেউলিয়া, এটা তারই প্রমাণ।’
এর আগের দিন গত বুধবার উত্তরে প্রদেশে এক অনুষ্ঠানে অজয় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ছেলেকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্থানীয় এক সাংবাদিকের ওপর চড়াও হন।