হয় শৌচাগার, নয় বিচ্ছেদ
ভারতের মহারাষ্ট্রে শৌচাগারের দাবিতে এক নারী তাঁর স্বামীকে বিচ্ছেদের হুমকি দিয়েছেন।
আজ রোববার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মহারাষ্ট্রের বিড জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
বন্দনা থোরাট নামের ওই নারী তাঁর স্বামী সন্তোষকে শৌচাগার অথবা বিচ্ছেদের মধ্যে কোনো একটি বেছে নিতে বলেছেন।
স্বামীকে একটি আইনি নোটিশও দিয়েছেন ওই নারী। এতে এক মাসের মধ্যে শৌচাগার দাবি করা হয়েছে।
বন্দনা বলেন, ‘খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারাটা লজ্জাজনক। শৌচাগারের জন্য দুই বছর ধরে বলছি। মেয়ে বলেছে, তাঁকে (সন্তোষ) ত্যাগ করতে। তাই তাঁকে (সন্তোষ) নোটিশ দিয়েছি।’
সম্প্রতি ইট ও চুনসুরকি দিয়ে একটি ঘর বানিয়েছেন সন্তোষ। কিন্তু ঘরে কোনো শৌচাগার নেই।
মহারাষ্ট্রের এই দম্পতির বিয়ের বয়স ১৭ বছর। তাঁদের ঘরে একটি মেয়ে আছে।
স্ত্রীর কাছ থেকে আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে সন্তোষ বলেন, ‘একটি নোটিশ পেয়েছি। এতে বলা হয়েছে, এক মাসের মধ্যে শৌচাগার না বানালে সে (বন্দনা) আমার সঙ্গে বিচ্ছেদ ঘটাবে।’