ভারতে হামলার ছক কষেছিল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাতন্ত্র দিবসের আগে ভারতে বড়সড় হামলার ছক কষেছিল ইসলামিক স্টেট (আইএস)। গত বুধবার এই সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তারের পর এই হামলার ছক ফাঁস হয়েছে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, উত্তর ভারতের হিন্দু তীর্থক্ষেত্র হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলায় তারা হামলার পরিকল্পনা নিয়েছিল।

হরিদ্বারে অর্ধ কুম্ভ স্নান ও মেলা চলছে। হরিদ্বার ছাড়াও ধৃতদের লক্ষ্য ছিল দিল্লি ও তার আশপাশের বড় বড় শপিং মল। দুই জায়গাতেই তারা বিস্ফোরক মজুতের পরিকল্পনা নিয়েছিল।
পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের শিক্ষা নেওয়ার জন্য তাদের মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের উগ্রপন্থী অধ্যুষিত এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। পুলিশ এখন তাদের সেই সব জায়গায় নিয়ে যাবে।

এত দিন পর্যন্ত ভারতে আইএসের উপস্থিতি নিয়ে পুলিশ ও গোয়েন্দারা বিশেষ চিন্তিত ছিল না। সিরিয়া ও ইরাকে আইএস-এ যোগ দিতে কেউ কেউ এ দেশ থেকে চলে গিয়েছে, এই তথ্য পুলিশ-গোয়েন্দাদের ছিল। কিন্তু এই প্রথম এই উগ্রপন্থী সংগঠনের উপস্থিতি স্বীকৃত হলো। দিল্লি পুলিশের এক সূত্র জানিয়েছে, দেশি কয়েকটি উগ্রপন্থী সংগঠন মারফত আইএস ভারতের বিভিন্ন জায়গায় জাল বিছানো শুরু করেছে। এটা অত্যন্ত চিন্তার। যাদের ধরা হয়েছে, তাদের বয়স ১৯ থেকে ২৩ এর মধ্যে। এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের মেধাবী সন্তান। তাদের কেউ কারিগরি শিক্ষা, কেউ আয়ুর্বেদ কেউ আবার কলেজে বিএ-র ছাত্র।

আইএস আগামী দিনের বিপদ বলে তাদের মোকাবিলায় ভারতের উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের মীরাটে হিন্দুদের একাংশ কোমর-কষা শুরু করেছে। সেখানে একটি সংগঠন তৈরি হয়েছে। নাম ‘হিন্দু স্বাভিমান সেনা’। এই সংগঠন কিশোর-কিশোরীসহ বয়স্কদের অস্ত্র শিক্ষা দিতে শুরু করেছে। অস্ত্রের মধ্যে রয়েছে তলোয়ার, ছুরি ও রিভলবার। ভারতের কয়েকটি সংবাদপত্রে অস্ত্রশিক্ষার ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় রাজ্য পুলিশের টনক নড়েছে। আজ বৃহস্পতিবার মীরাটের জেলা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ বলেন, সারা পৃথিবীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সন্ত্রাস। সন্ত্রাসবাদীদের মোকাবিলাই এখন বড় কাজ। এবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এই সফরে দুই দেশ সন্ত্রাস মোকাবিলা নিয়েও আলোচনা করবে।

এদিকে পাঞ্জাবের পাঠানকোটে ঘটে যাওয়া ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার কিনারা এখনো করা যায়নি। এনআইএ-র তদন্তও এখনো শেষ হয়নি। এই বাহিনীর কর্মকর্তারা বৃহস্পতিবার পাঞ্জাবের বেশ কয়েকটি এলাকায় তদন্তে যান। সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের ধরনও এই তদন্তের লক্ষ্য।

এ প্রসঙ্গে বিকাশ স্বরূপ জানান, পাকিস্তান কবে তদন্তকারী দলকে ভারতে পাঠাবে কিংবা আদৌ পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি। জানালে তখন ভারত সিদ্ধান্ত নেবে। ওই হামলার পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ভেস্তে যায়। কবে তা হবে তা বিকাশ স্বরূপ জানাতে পারেননি। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদেরও আর কোনো বৈঠক হয়নি।

পাঠানকোট-কাণ্ডের পর থেকে পাঞ্জাব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজ এই সীমান্তে তিন অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। তাতে একজনের মৃত্যু হয়।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিসহ গোটা দেশের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। সন্ধ্যার পর থেকে বহু রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল।