হরিয়ানায় রেকর্ডসংখ্যক ৭৩.৭ শতাংশ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিধানসভা নির্বাচনে হরিয়ানা রাজ্যে রেকর্ডসংখ্যক ৭৩.৭ শতাংশ ভোট পড়েছে। আজ বুধবার এ নির্বাচনে এক কোটি ৬৩ লাখ ভোটার ভোট দিয়েছেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা শ্রীকান্ত ওয়ালগত বলেন, হরিয়ানায় আজ যে ভোট পড়েছে তা ১৯৬৭ সালের পর থেকে এ যাবৎকালের সর্বোচ্চ।
ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে বলা হয়, ১৯৬৭ সালে হরিয়ানায় ৭২.৬৫ শতাংশ ভোটের রেকর্ড হয়েছিল। ২০০৯ সালের বিধানসভা নির্বাচনে ওই রাজ্যে ৭২.২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।
এদিকে মহারাষ্ট্রেও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ওই রাজ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৮৮ আসনের বিপরীতে ৮ কোটি ৩৫ লাখ ভোটারের ৫৫ শতাংশ ভোট দিয়েছেন। মুম্বাইতে বিকেল পাঁচটা পর্যন্ত ৪৮ শতাংশ ভোটার তাঁদের রায় দিয়েছেন। সেখানে চার হাজার ১১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোটাররা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করেছেন। ভোটারদের নজর এখন ১৯ অক্টোবরে। ওই দিনই ভোট গণনা শুরু হবে।
আজ বিধানসভা নির্বাচনের পাশাপাশি সংসদীয় বিড আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।