হরিয়ানা থেকে ৬৯ রোহিঙ্গা আশ্রয় নিল পশ্চিমবঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্যে আশ্রয় নেওয়া ৬৯ জন রোহিঙ্গা পশ্চিমবঙ্গে চলে এসেছেন। তাঁরা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারইপুর থানাধীন হাড়দহ গ্রামে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছেন।

ওই রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে প্রথমে হরিয়ানায় আশ্রয় নেন। সেখানে থেকে পুনর্বাসনের আশায় তাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছেন। তাঁদের কাছে জাতিসংঘের উদ্বাস্তু পরিচয়পত্র রয়েছে।

পশ্চিমবঙ্গে বেসরকারিভাবে গড়ে ওঠা ওই উদ্বাস্তু শিবিরে তাঁদের ঠাঁই দেওয়া হয়েছে। ১৫ কাঠা জমির ওপর তৈরি করা হয়েছে বেসরকারি এই রোহিঙ্গা শিবির। তৈরি করা হয়েছে আটটি টিনের ঘর। প্রথম পর্যায়ে এখানে আশ্রয় দেওয়া হয় ২১ জন রোহিঙ্গাকে। পরে সেই সংখ্যা বেড়ে হয় ৭৯। এরপর নতুন করে হরিয়ানা থেকে এসেছেন ৬৯ জন রোহিঙ্গা।

স্থানীয় সমাজসেবী হোসেন গাজি ওই রোহিঙ্গা শিবির গড়ে তোলেন। সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা ও মুসলিম সংগঠন।

এর আগে পুলিশ সুপার অরিজিৎ সিংহ বলেছিলেন, ‘আমরা বিষয়টি জানি। ওই রোহিঙ্গাদের রয়েছে জাতিসংঘের উদ্বাস্তু দপ্তরের পরিচয়পত্র। এই পরিচয়পত্র থাকলে শরণার্থীদের আর ভিসা-পাসপোর্টের প্রয়োজন হয় না।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, ‘ওরা মানুষ। ওদের শরণার্থী পরিচয়পত্র আছে। যদি এখানে থাকার ওদের বৈধতা না থাকে, তবে রাজ্য সরকার ওদের বৈধতা দিক। ওরা মানুষ হিসেবে বৈধ, শরণার্থী হিসেবে বৈধ, ওরা থাকুক, এটা চাই আমরা।’

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজ্জামান মঙ্গলবার ওই রোহিঙ্গা শিবির পরিদর্শন করে বলেন, ‘রোহিঙ্গারা মানুষ। রোহিঙ্গাদের সঙ্গে বাংলার অনেক মিল। জানি, আমাদের মুখমন্ত্রী রোহিঙ্গাদের ভালোবাসেন। আমি মনে করি, বাংলায় আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের সার্বিক সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

ওই শিবিরে আশ্রয় নেওয়া উদ্বাস্তুরা বলেছেন, তাঁরা আর মিয়ানমারে ফিরে যাবেন না। ফিরে গেলে তাঁদের ওপর অত্যাচার করা হবে, ধর্ষণ করা হবে, এমনকি তাদের মেরেও ফেলা হবে। তাই তাঁরা ফিরবেন না। তাঁদের জোর করে ফেরত পাঠানোর চেষ্টা করা হলে তাঁরা আত্মহত্যা করবেন।