হরিয়ানার জাঠ বিক্ষোভ ছড়াল দিল্লি পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হরিয়ানা রাজ্যের রোতাক এলাকায় জাঠ বিক্ষোভের কারণে কারফিউ জারি করা হয়েছে তবে কারফিউর মধ্যেই গতকাল বিক্ষোভকারীরা কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ করে। পরিস্থিতি সামলাতে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে l এএফপি
ভারতের হরিয়ানা রাজ্যের রোতাক এলাকায় জাঠ বিক্ষোভের কারণে কারফিউ জারি করা হয়েছে তবে কারফিউর মধ্যেই গতকাল বিক্ষোভকারীরা কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ করে। পরিস্থিতি সামলাতে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে l এএফপি

চাকরি ও শিক্ষায় কোটা সংরক্ষণের দাবিতে ভারতের হরিয়ানা রাজ্যের উত্তাল জাঠ বিক্ষোভ ছড়িয়েছে দিল্লি পর্যন্ত। গতকাল শনিবার জাঠদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের সংযোগকারী মহাসড়ক বন্ধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। খবর এনডিটিভির।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর গতকাল বিকেলে ‘জাঠদের দাবি মেনে নেওয়া হয়েছে’ বলে ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা দৃশ্যত শান্ত হননি। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘দাবি মেনে নেওয়া হয়েছে। আপনারা ঘরে ফিরে যান।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, এ অস্পষ্টতার কারণেই বিক্ষোভকারীরা আন্দোলন থেকে সরে আসার মতো ঘোষণা দেননি।
হরিয়ানায় এই বিক্ষোভ গতকাল দৃশ্যত রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণের প্রায় বাইরে চলে যায়। রোতাক থেকে বিভিন্ন জেলায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ সামলাতে গতকাল আধা সামরিক বাহিনী নামানো হয়। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তা কেটে ফেলায় হেলিকপ্টার নিয়ে রোতাক পুলিশ লাইনের হেলিপ্যাডে নামতে হয়েছে সেনা জওয়ানদের। এর মধ্যেও রোতাকে গতকাল একটি পেট্রলপাম্প জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
পাশের ঝিন্দ শহরের একটি রেলস্টেশনে গতকাল সকালে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেওয়ায় সেখানেও কারফিউ জারি করা হয়েছে। আশপাশের অধিকাংশ জাতীয় সড়কে অবরোধ চলতে থাকায় পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ।
চাকরি ও শিক্ষা খাতে কোটা সংরক্ষণের দাবিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে জাঠ সম্প্রদায়। শুক্রবার পুলিশের গুলিতে তিনজন বিক্ষোভকারী মারা যাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেন।
শুক্রবারই কারফিউ জারি করতে হয়েছিল রোতাক ও ভিওয়ানিতে। এই দুই অঞ্চল ছাড়াও ঝিন্দ, ঝঝ্ঝর, কারনাল, কৈথল, সোনেপত ও হিসার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
সপ্তাহব্যাপী চলা বিক্ষোভের মাত্রা বেড়ে গেলে বৃহস্পতিবার থেকে রোহতাকে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।
গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন চারজন কেন্দ্রীয় মন্ত্রী। দাবির বিষয় নিয়ে আলোচনা করতে জাঠ নেতাদের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠকে বসেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। শুক্রবার বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠকও করেন তিনি। কিন্তু জাঠ নেতারা ওই দিন মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন, কোটা সংরক্ষণের দাবি মেনে নিয়ে হরিয়ানা বিধানসভায় বিল পাস না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।