হরিয়ানায় জাঠ কোটা বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্য বিধানসভা গতকাল মঙ্গলবার জাঠসহ আরও চার সম্প্রদায়ের সদস্যদের সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা নির্ধারণ করে বিল পাস করেছে। গত ফেব্রুয়ারিতে কোটার দাবিতে জাঠদের রক্তাক্ত আন্দোলনের পর এ বিল পাস হলো।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বিধানসভায় হরিয়ানা অনগ্রসর শ্রেণি বিল-২০১৬ (চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ) এবং হরিয়ানা অনগ্রসর শ্রেণি কমিশন বিল-২০১৬ উত্থাপন করেন। জাঠদের বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী খাট্টার জাঠসহ জাঠশিখ, রোর, বিসনয় ও তিয়াগি সম্প্রদায়ের জন্য কোটা সংরক্ষণের বিল পাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিল পাসের পর এখন জাঠসহ অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির জন্য পাঁচ সম্প্রদায়ের ১০ শতাংশ কোটা সংরক্ষণ হবে।
গত ফেব্রুয়ারিতে কোটার দাবিতে জাঠদের তীব্র আন্দোলন শুরু হয়। এ সময় সহিংস বিক্ষোভে প্রাণ হারায় ৩০ জন। হরিয়ানার রোহতাকসহ, ঝাজর, কাইতাল, জিন্দ ও সোনেপাত শহরে ছড়িয়ে পড়ে তীব্র আন্দোলন। সর্বশেষ আন্দোলনরত জাঠরা বিলটি পাসের জন্য আগামী ৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন।