হরিয়ানায় দাঙ্গার আশঙ্কা, প্রস্তুত রাখা হয়েছে সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বঘোষিত ধর্মীয় আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এক ধর্ষণ মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করার কথা রয়েছে। রায় ঘোষণা সামনে রেখে দাঙ্গার আশঙ্কায় রাজ্যের পঞ্চকুলা পরিকল্পিত নগরে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

সম্ভাব্য দাঙ্গা মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে হরিয়ানা সরকার রাজ্যে মুঠোফোনের ইন্টারনেট সেবাব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই সঙ্গে প্রয়োজনে মাঠে নামার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।

রায় ঘোষণার আগে রাজ্যের ছোট শহর পঞ্চকুলার প্রধান সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন গুরু রাম রহিম সিংয়ের উগ্রপন্থী ভক্ত ও অনুসারীরা।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার হরিয়ানা রাজ্য সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ করেছেন। এ ছাড়া আদালত রাম রহিমের নিজ সম্প্রদায়কে অবিলম্বে সড়কে অবস্থান নেওয়া তাদের লোকজনকে বাসায় ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন।

রাম রহিম তাঁর সমর্থকদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নিজ আশ্রমে দুই নারীকে ধর্ষণের অভিযোগে ২০০২ সালে তাঁর বিরুদ্ধে ওই মামলা হয়।