হরিয়ানায় নতুন মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রে দীপাবলির পর
ভারতের হরিয়ানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খাট্টার। গত রোববার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। আর মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও তারা সেখানে কার সমর্থনে সরকার গঠন করবে, তা এখনো অনিশ্চিত। আগামী বৃহস্পতিবার দীপাবলি উৎসবের পর তা ঠিক হবে বলে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে।
হরিয়ানার সদ্য নির্বাচিত বিজেপির বিধায়কেরা গতকাল মঙ্গলবার খাট্টারকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। খাট্টার বিজেপির সহযোগী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা। গত ১৮ বছরে তিনিই এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি জাঠ সম্প্রদায়ভুক্ত নন। হরিয়ানার রাজনীতিতে জাঠরা খুবই প্রভাবশালী, যদিও তাদের সংখ্যা মোট ভোটারের মাত্র ২১ শতাংশ। চিরকুমার খাট্টার আরএসএসের প্রচারক ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শতকের নব্বইয়ের দশকে হরিয়ানায় আরএসএসের দায়িত্বে ছিলেন। তখন তাঁর সঙ্গে খাট্টারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তা ছাড়া হরিয়ানার রাজনীতিতে জাঠদের প্রভাব ভাঙতে চান মোদি।
এদিকে হরিয়ানায় মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়ে গেলেও মহারাষ্ট্রে বিজেপি কার সমর্থন নিয়ে সরকার গঠন করবে, তাই ঝুলিয়ে রেখেছে। নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে ২৫ বছরের পুরোনো মিত্র শিবসেনার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বিজেপির। তবে শিবসেনা এখন সমর্থন দেওয়ার জন্যই ব্যাকুল। গত রোববার নির্বাচনের ফল ঘোষণার দিন মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) বিজেপিকে নিঃশর্ত সমর্থন দেওয়ায় শিবসেনার কদর কমে যায়।
মহারাষ্ট্রের ২৮৮ সদস্যের বিধানসভায় বিজেপি ১২৩টি আসন পেয়েছে। সরকার গঠনে তাদের আরও ২২টি আসন দরকার হলেও তা নিয়ে একেবারে নির্ভাবনায় আছে দলটি। বিজেপি বলছে, সরকার গঠনে মিত্র ঠিক করাটা কালকের দীপাবলি উৎসবের পরই ঠিক করা হবে। সরকার গঠনে বিজেপির নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের গতকাল মুম্বাই যাওয়ার কথা থাকলেও তিনি তা বাতিল করে জানান, দীপাবলির পরে যাবেন।