ভারতের হরিয়ানা রাজ্যে গতকাল শুক্রবার বিক্ষোভরত জাঠ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে সড়ক অবরোধকারীদের একজন নিহত হওয়ার পর বিক্ষোভকারীরা রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। খবর এনডিটিভির।
সহিংসতা নিয়ন্ত্রণে হরিয়ানার রোতাক ও ভিওয়ানি শহরে কারফিউ ঘোষণা করা হয়েছে। শহর দুটিতে ‘দেখামাত্র গুলি’র নির্দেশ দেওয়া হয়েছে।
চাকরি ও শিক্ষা খাতে কোটা সংরক্ষণের দাবিতে জাঠ সম্প্রদায়ের মানুষ এক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছে। গতকাল রোতাক-দিল্লি বাইপাসের পাশের এক সড়ক অবরোধ করা বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে একজন নিহত হয়। এরপরই বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। এ সময় মন্ত্রী চণ্ডীগড়ে ছিলেন। বিপদ এড়াতে তাঁর পরিবারের সদস্যদের আগেই বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ২০ জনের মতো আহত হয়েছে।
হরিয়ানার পুলিশপ্রধান ওয়াই পি সিংঘাল বলেন, রোতাক, সোনেপাত, ভিওয়ানি ও হিসারের মতো আটটি এলাকায় সেনাসদস্যদের তলব করা হয়েছে। তিনি জানান, একদল বিক্ষুব্ধ জাঠ রোতাকের পথে নেমে বিক্ষোভ করছে। তারাই এসব সহিংসতার জন্য দায়ী। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশপ্রধান জানান।
বিক্ষোভের মাত্রা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোতাকে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে সরকারি বাস চলাচল বন্ধ করা হয়েছে। উত্তর ভারতে ট্রেনের অন্তত ৫০০ যাত্রা বাতিল করা হয়েছে। স্কুল-কলেজও বন্ধ হয়ে গেছে।