হাইকমিশনার বাসিতকে তলব করে 'প্রমাণ' দেখাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় জওয়ানকে হত্যা ও তাঁদের ‘দেহ বিকৃত করার প্রমাণ’ পাকিস্তানের হাতে তুলে দিল ভারত। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর গতকাল বুধবার পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে ডেকে পাঠিয়ে ওই প্রমাণ তাঁর হাতে তুলে দেন।

ভারতীয় কর্তৃপক্ষের দেওয়া প্রমাণ বলতে রক্তের নমুনা ও তার রেখা। সেনা কর্তৃপক্ষ বলছে, দুই জওয়ানকে হত্যা করে তাদের কাটা মুণ্ডু নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হামলাকারীরা অন্য পারে চলে গেছে। সেই রক্ত-রেখার প্রমাণ ও তার নমুনা পাকিস্তানের হাইকমিশনারের হাতে তুলে দিয়ে পররাষ্ট্রসচিব বলেছেন, ভারত চায় অবিলম্বে পাকিস্তান উপযুক্ত ব্যবস্থা নিক।

পাকিস্তানের হাইকমিশনার অবশ্য ভারতের অভিযোগ মানেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে গতকাল সংবাদ সম্মেলনে এই খবর জানিয়ে বলেন, আবদুল বাসিত জানিয়েছেন, ভারতের এই বার্তা তিনি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়ে দেবেন।

কী প্রমাণ পাকিস্তানকে দেওয়া হয়েছে? জানতে চাইলে বাগলে বলেন, ঘটনাস্থল থেকে ভারতীয় সেনাদের রক্তের যে নমুনা পাওয়া গেছে, সেই ফোঁটা ফোঁটা রক্ত-রেখা রোজা নালা পেরিয়ে নিয়ন্ত্রণরেখার ওপারে চলে গেছে। এ থেকে স্পষ্ট, দুর্বৃত্তরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসেছিল। পাকিস্তানি সেনাদের মধ্যে যাঁরা এই জঘন্য কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভারত যে চুপ থাকবে না, সে কথাও বাসিতকে বলে দেওয়া হয়।

সোমবার সকালের ওই ঘটনার পর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীর তৎপরতা বেড়ে গেছে। ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত কাশ্মীরের বিভিন্ন ‘ফরোয়ার্ড বেস’ ঘুরে এসেছেন। ভারত শিগগিরই পাল্টা হামলা চালাবে, এ আশঙ্কা থেকে পাকিস্তান সাবধান করে দিয়ে বলেছে, তেমন হলে তারাও উপযুক্ত জবাব দেবে।

ভারত প্রতি-আক্রমণ করবে কি না, কিংবা করলে কত দ্রুত—সেই প্রশ্নের জবাবে বাগলে বলেন, এই উত্তর দেওয়া তাঁর কাজ নয়। তা ছাড়া এগুলো ঘোষণা দিয়ে করা হয় না। তবে ভারতের ভাইস চিফ অব আর্মি স্টাফ শরৎ চাঁদ বলেছেন, এর ফল পাকিস্তানকে ভুগতে হবে। ঠিক সময়ে ঠিক জায়গায় ভারতীয় বাহিনী উপযুক্ত জবাব দেবে।