হাউ ইজ দ্য জোশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দি সিনেমার সংলাপ এবার মুখে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
হিন্দি সিনেমার সংলাপ এবার মুখে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

শিরোনাম কি বেখাপ্পা লাগছে? লাগাটাই স্বাভাবিক। এটি আসলে সদ্য মুক্তি পাওয়া একটি হিন্দি সিনেমার সংলাপ। সেখানে শুধু নায়কের মুখেই এই সংলাপ শোনা যায়। এবার তা মুখে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলও। নিন্দুকেরা বলছেন, জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার আগুন উসকে দিতেই তাঁদের এই নতুন আয়োজন!

জানুয়ারি মাসের শুরুর দিকেই বলিউডে মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ নামের একটি ছবি। ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীর চালানো সামরিক অভিযানের গল্প নিয়ে আবর্তিত এই ছবি এরই মধ্যে আয়ের দিক থেকে ১০০ কোটির ক্লাবে ঢুকে গেছে। এই ছবিতে সামরিক অভিযানের কর্তা হিসেবে অভিনয় করেছেন ভিকি কৌশল। তিনি হাততালিও পাচ্ছেন ঢের। তাঁর মুখেই শোনা গেছে, ‘হাউ ইজ দ্য জোশ?’ অভিযানে যাওয়ার আগে সতীর্থ কমান্ডোদের এই কথা বলে উজ্জীবিত করতেন ভিকি। আর জবাব আসত, ‘হাই, স্যার।’ সেই সংলাপই এখন বলে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতা রমণ। উদ্দেশ্য একটাই—আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করা। কিন্তু আদতেই কি ‘জোশ’ বাড়ছে বিজেপি তথা মোদির?

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পোস্টার
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পোস্টার

চলতি ঘটনাপ্রবাহ কিন্তু সেই কথা বলছে না। সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা ভারতের অপ্রকাশিত কর্মসংস্থান জরিপ প্রকাশের দাবি করেছে। পত্রিকাটিতে প্রকাশিত জরিপে দেখা গেছে, বর্তমানে ভারতে বেকারত্বের হার ৬ দশমিক ১ শতাংশ। ১৯৭২-৭৩ সালের পর এটিই সর্বোচ্চ। অর্থাৎ গত ৪৭ বছরের মধ্যে ভারতে এখন সবচেয়ে বেশি মানুষ বেকার। অথচ ২০১১-১২ সালে এটি ছিল মোটে ২ দশমিক ২ শতাংশ। জরিপে দেখা গেছে, ভারতের শহুরে এলাকায় ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ। কর্মক্ষম পুরুষদের ১৮ দশমিক ৭ শতাংশ ও নারীদের ২৭ দশমিক ২ শতাংশ এখন চাকরি খুঁজছেন।

বিবিসি বলছে, বর্তমানে ভারতের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। অর্থাৎ দেশটির জনসংখ্যার বেশির ভাগটাই এখন পুরোপুরি কর্মক্ষম ও অনেকাংশে তরুণ। প্রতিটি দেশেই এমন অবস্থা আসে, যখন কম বয়সী জনগোষ্ঠীর আধিক্য দেশটির জন্য আশীর্বাদ হয়ে আসে। এই বিপুল পরিমাণ মানুষ যখন আয় ও ব্যয় করবে তথা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই দেশের অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। এর ফলে সেই নির্দিষ্ট দেশেও ধীরে ধীরে দারিদ্র্য হ্রাস পাবে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের মুখে চুনকালি দিয়ে বিজেপিকে কেন্দ্রীয় সরকারে এনেছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৩ সালে নির্বাচনী প্রচার চালানোর সময় তাঁর অন্যতম প্রতিশ্রুতি ছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টি। কিন্তু নতুন জরিপের তথ্য বলছে, তাঁর সেই ‘প্রতিশ্রুতি’ প্রতিশ্রুতিই রয়ে গেছে।

অধিগৃহীত জমির যে অংশ নিয়ে কোনো বিতর্ক নেই, তা রাম জন্মভূমি ন্যাস বা ট্রাস্টের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিট করেছে মোদির সরকার। ছবি: রয়টার্স
অধিগৃহীত জমির যে অংশ নিয়ে কোনো বিতর্ক নেই, তা রাম জন্মভূমি ন্যাস বা ট্রাস্টের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিট করেছে মোদির সরকার। ছবি: রয়টার্স

এদিকে নতুন এই জরিপ আনুষ্ঠানিকভাবে ‘অপ্রকাশিত’ থাকার কারণ নিয়েও বেশ জল ঘোলা হচ্ছে। কর্মসংস্থান জরিপটি নাকি মোদি সরকারই প্রকাশ করতে চায়নি। তবে এই জরিপ অনুমোদন করেছিল ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশন। এরই মধ্যে সরকারের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে কমিশনের দুই সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাঁরা অভিযোগ তুলে বলেছেন, মোদির সরকারই নাকি কর্মসংস্থান জরিপ প্রকাশ করতে দেয়নি!

প্রশ্ন হলো, কেন ভারতে বেকারত্বের হার এত বেশি? বিশ্লেষকেরা বলছেন, এর জন্য সরকার ও দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা—দুই–ই দায়ী। ২০১৬ সালে নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের অর্থনীতি। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে, ফলে অনেক চাকরি হারিয়ে গেছে। আর এসবই হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত পাঁচ বছরের শাসনামলে।

অবশ্য মোদি এখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছেন। দুটি ট্রাম্পকার্ড তো তাঁর হাতে আছেই। একটি হলো ধর্ম, অন্যটি জাতীয়তাবাদ। এরই মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে বাতচিত নতুন করে শুরু হয়েছে। অধিগৃহীত জমির যে অংশ নিয়ে কোনো বিতর্ক নেই, তা রাম জন্মভূমি ন্যাস বা ট্রাস্টের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিট করেছে মোদির সরকার। মন্দির নির্মাণের দায়িত্ব এই সংগঠনের হাতেই। যদিও আদালত এ নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে বিশ্লেষকেরা মনে করেন না।

উত্তর প্রদেশের পূর্বাঞ্চল দেখভালের দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: রয়টার্স
উত্তর প্রদেশের পূর্বাঞ্চল দেখভালের দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: রয়টার্স

ব্লুমবার্গ সম্প্রতি অযোধ্যা ইস্যু নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মোদির বিজেপি রাম মন্দির নির্মাণ করবে বা ধর্মের ওপর বেশি জোর দেবে—এমন ভাবনায় সন্দেহ আছে খোদ অযোধ্যাবাসীরই। অনেকেই মনে করছেন, ভোটের কয়েক মাস আগে আদালতে রিট করাটা রাজনৈতিক ‘স্টান্টবাজি’ ছাড়া আর কিছুই না। যদিও ২০১৪ সালে এই ধুয়া তুলেই ক্ষমতায় এসেছিলেন মোদি। নয়াদিল্লিভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের পরিচালক সঞ্জয় কুমার ব্লুমবার্গকে বলেন, ‘বিজেপি এই ইস্যুগুলো আবার নতুন করে তোলার চেষ্টা করছে। মূলত সরকার পরিচালনায় নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করছে তারা।’

অযোধ্যার অবস্থান ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। দেশটির লোকসভায় কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেটিও অনেকাংশে নির্ভর করে এই রাজ্যের ওপর। ২০১৪ সালে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭১টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এবার সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) ও সমাজবাদী পার্টি (এসপি)। শেষের দুটি দল এরই মধ্যে জোট গড়ে ফেলেছে। উত্তর প্রদেশে মায়াবতী ও অখিলেশ যাদবকে অগ্রাহ্য করে ভোট কাটা বেশ কঠিন। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আবার চলে এসেছেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে উত্তর প্রদেশের অর্ধেক দেখভালের দায়িত্ব দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সাধারণ মানুষের মধ্যে এখনো ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি বেশ উজ্জ্বল। দেশের দরিদ্র জনগোষ্ঠী এখনো মনে করে, ইন্দিরাই তাদের দুঃখ লাঘবের প্রকৃত চেষ্টা করেছিলেন। আর সেই আবেগের দিক থেকেই ইন্দিরার নাতনি প্রিয়াঙ্কা ভোটারদের আনুকূল্য টেনে আনতে পারেন। একদিকে বিএসপি ও এসপি, অন্যদিকে কংগ্রেস—বেশ ভালোই গ্যাঁড়াকলে পড়বে তখন বিজেপি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ছবি: এএফপি
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ছবি: এএফপি

এনডিটিভি বলছে, কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী বেশ জনপ্রিয়। অন্যদিকে রাহুল-প্রিয়াঙ্কার সদ্ভাবও সর্বজনবিদিত। এখন ভাইবোনে মিলে চালাবেন প্রচারণা, সুতরাং ঘাটতি তৈরির সম্ভাবনা কম। সেদিক থেকে উচ্চবর্ণের আধিক্য থাকা উত্তর প্রদেশের অনেক দোদুল্যমান ভোটার কংগ্রেসের ছায়াতলে চলে আসতে পারেন। তখন প্রিয়াঙ্কাকে সামলানো মোদির জন্য বেশ কঠিন হবে। কারণ, ভোটারের চোখে দুজনেই ‘ক্যারিশমাটিক’।

ভারতীয় ম্যাগাজিন ইন্ডিয়া টুডের করা সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে নির্বাচন হলে মোটে ২৩৭টি আসন পাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। অথচ ২০১৪-তে তা ছিল ৩৩৬। শুধু বিজেপি ধরলে আসন হবে ২০২টি, যা ২০১৪-তে ছিল ২৮২। কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদির পক্ষে আছেন ৪৬ শতাংশ ভারতীয়, যা আগের চেয়ে বেশ কম। আর রাহুল গান্ধীর পক্ষে আছেন ৩৪ শতাংশ, যা গত বছরের তুলনায় বেড়েছে। অর্থাৎ সব দিক থেকেই নড়বড়ে অবস্থায় রয়েছেন মোদি ও তাঁর দল।

আবার ফিরে যাই শুরুতে। বলিউড অভিনেতা ভিকি কৌশলের বলা সংলাপ এখন বিজেপি নেতৃত্বের মুখে মুখে। সম্প্রতি বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘হাউ ইজ দ্য জোশ?’ তাতে কিছু হাততালিও অবশ্য জুটেছে। কিন্তু প্রশ্ন হলো, তাতে কি ভোটারদের মধ্যে ২০১৪ সালের ‘জোশ’ ফিরিয়ে আনা যাবে? উত্তরটা আপাতত তোলাই থাক।