হাতি বাঁচাতে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি বাঁচাতে যৌথ উদ্যোগ নিচ্ছে ভারত ও বাংলাদেশ। আগামী ৬০ দিনের মধ্যেই এ লক্ষ্যে যৌথ কার্যকরী গোষ্ঠী (জেডব্লিউজি) গঠিত হচ্ছে। হাতির সীমান্ত লঙ্ঘনের ওপরও বাড়ানো হচ্ছে নজরদারি।

গতকাল বৃহস্পতিবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে ‘দ্বিতীয় ট্রান্স বাউন্ডারি কনজারভেশন অব এলিফ্যান্টস’ শীর্ষক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান বন সংরক্ষক শফিউল আলান চৌধুরী। ভারতীয় প্রতিনিধিদলের পক্ষে ছিলেন দেশের বন দপ্তরের মহাপরিচালক সিদ্ধান্ত দাস। বৈঠকে দুই দেশই বুনো হাতি বাঁচাতে যৌথ কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছে।

আজ শুক্রবার সকালে শিলংয়ে সিদ্ধান্ত দাস সাংবাদিকদের বলেন, সীমান্তে হাতি বিচরণের এলাকাগুলো চিহ্নিত করে যৌথ সমন্বয়কারী দল গড়ে তোলা হবে। বন বিভাগের ডিএফওদের পাশাপাশি সীমান্তরক্ষীদেরও এই দলে রাখা হবে। সীমান্তের প্রতিটি বন বিভাগেরই ট্রান্স বর্ডার এলিফ্যান্ট সীমান্ত থাকবে। এ বিষয়ে কার্যকরী গোষ্ঠী দ্রুত প্রোটোকল ও অন্য বিষয়গুলো ঠিক করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত দাস বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এই ক্ষমতা বলে তাঁরা এক দেশের হাতি অন্য দেশে চলে গেলে সেগুলো উদ্ধার করার জন্য লোক পাঠাতে পারবেন। শুধু তা-ই নয়, নিজেদের মধ্যে হাতি চলাচলের খবরও বিনিময় করবেন দুই দেশের জেলা প্রশাসকেরা।

বৈঠকে হাতির মৃত্যু ঠেকাতে দুই দেশই বিদ্যুৎবাহী কাঁটাতারের বেড়া দেওয়ার বিরুদ্ধে মত প্রকাশ করেছে। বুনো হাতিদের নিরাপদে যাতায়াত করতে দিতেও সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ। হাতির গতিবিধির ওপর নজরদারি বৃদ্ধিতেও গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে।

ভারত-বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় বুনো হাতির আদর্শ বাসস্থান। এই রাজ্যগুলোতে প্রায় নয় হাজার বুনো হাতি বাস করে। অন্যদিকে বাংলাদেশে রয়েছে আরও ২০০ বুনো হাতি। হাতি চলাচলে প্রায় ৩০টি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ১২টি সীমান্ত দিয়ে হাতি বেশি চলাচল করে।