হামলাকারীরা সাজা পাবেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর ওপর তাঁর আস্থা আছে এবং অবশ্যই উরির সেনাছাউনিতে হামলাকারীরা সাজা পাবে। গতকাল রোববার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ মোদি এ কথা বলেন।
এ ছাড়া গতকালই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা দিন দয়াল উপাধ্যায়ের শততম জন্মবার্ষিকীতে বিজেপির কাউন্সিল বৈঠকে মোদি ভারতের মুসলমানদের আপন করে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ওই বৈঠকে মোদি বলেন, দিন দয়ালের আদর্শ অনুসরণ করেই মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা না করে আপন করে নিতে হবে। তাঁদের এগিয়ে নিতে হবে।
‘মান কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, ‘সেনাদের ওপর আমাদের আস্থা আছে। আমরা যাঁরা দেশের নাগরিক এবং রাজনীতিক, তাঁদের জন্য কথা বলার মতো অনেক কিছু আছে এবং আমরা বলিও। কিন্তু আমাদের সেনারা মুখে নয়, সাহসিকতা দিয়ে কথা বলে।’ কাশ্মীরের জনগণের উদ্দেশে তিনি বলেন, কাশ্মীরের জনগণকে রক্ষার ভার ভারত সরকারের ওপর। জনগণের শান্তি নিশ্চিতে ভারতীয় সেনাবাহিনী উরির মতো অন্যান্য হামলা নস্যাৎ করে যাবে।
ভারতশাসিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ সেনা নিহত হন। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষতি পুরো জাতির। তিনি জোর দিয়ে বলেন, এ হামলায় জড়িত ব্যক্তিদের অবশ্যই শায়েস্তা করা হবে।
উরির সেনাছাউনিতে হামলার পর ভারতে বিভিন্ন তদন্তে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করতে তৎপরও হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসংঘে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বক্তব্যের কড়া জবাবও দিয়েছে ভারত। ওই বক্তব্যে তিনি ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হিজবুল মুজাহিদীনের তরুণ নেতা বুরহান ওয়ানির প্রশংসা করেন।
গতকালের রেডিও অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, কাশ্মীরের জনগণ শান্তি ও উন্নয়নের পথ বেছে নিতে শুরু করেছিল। অভিভাবকেরা চাইছেন, স্কুল-কলেজগুলো তাড়াতাড়ি খুলে যাক। কাশ্মীরের জনগণ চায়, তাদের উৎপাদিত খাদ্যপণ্য এবং ফলমূল ভারতের অন্য প্রান্তের বাজারগুলোয় পৌঁছে যাক। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ চায়, তাদের ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে হোক।
এর আগে গত শনিবার কেরালায় নরেন্দ্র মোদি পাকিস্তানের জনগণকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের নেতাদের কাছে জিজ্ঞেস করুন, আমাদের দুই দেশ একই সঙ্গে স্বাধীন হয়েছে। তারপরও কেন ভারত সফটওয়্যার আর আপনাদের দেশ সন্ত্রাস রপ্তানি করছে?’