হারানো বিমানের খোঁজ চলছে
ভারতের বিমানবাহিনীর নিখোঁজ উড়োজাহাজের সন্ধানে গতকাল শনিবার অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। এর আগের দিন, শুক্রবার সকালে ২৯ জন আরোহী নিয়ে চেন্নাই শহর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে যাওয়ার পথে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় এএন-৩২ পরিবহন বিমানটি।
ভারতীয় নৌবাহিনীর দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে শনিবার জানানো হয়, ছয়টি বিমান ও ডুবোজাহাজের পাশাপাশি নৌবাহিনী ও উপকূলরক্ষীদের ১৮টি জাহাজ উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। এর আগের রাতেও চলে উদ্ধার অভিযান। শনিবার সকালে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বিমানে চড়ে অনুসন্ধান অভিযানে অংশ নেন। টুইটারবার্তায় প্রতিরক্ষামন্ত্রী লেখেন, বিমানটির অনুসন্ধানে যথেষ্ট জনবল ও সম্পদ নিয়োজিত করা হয়েছে।
ভারতের বিমানবাহিনীর উইং কমান্ডার অনুপম ব্যানার্জি বলেন, চেন্নাইয়ের প্রায় ১৫০ নটিক্যাল মাইল পূর্ব দিকে বিমানটি রাডারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আবহাওয়া উত্তাল রয়েছে বঙ্গোপসাগরে।
নিখোঁজ বিমানটিতে ছয়জন ক্রু সদস্যসহ ২১ জনই ছিলেন সশস্ত্র বাহিনীর এবং বাকি আটজন সেনাবাহিনীর বেসামরিক পদের কর্মী।
উল্লেখ্য, রাশিয়ার নির্মিত বিমান এএন-৩২ একবার জ্বালানি ভরে প্রায় চার ঘণ্টা পর্যন্ত চলতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উড়তে সক্ষম।