হারের দায় নিজের কাঁধে নিলেন তরুণ গগৈ
আসাম রাজ্যের নির্বাচনে জেতা বিজেপির উৎসবের মধ্যে স্বাভাবিক কারণেই করুণ অবস্থা কংগ্রেস শিবিরের। টানা ১৫ বছর মুখ্যমন্ত্রিত্ব করার পর গদিচ্যুত হয়েছেন তরুণ গগৈ। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এই পরাজয়ে নিজের দায় স্বীকার করলেন।
সংবাদ সম্মেলনে বিদায়ী গগৈ বলেন, ‘এই হারের দায় আমার। নিশ্চয় কিছু ভুল হয়েছে। ভুল থেকেই শিক্ষা নেব।’ তিনি বলেন, ‘পুরোদস্তুর রাজনীতিতেই থাকব। জনগণের রায় মাথায় নিয়ে প্রকৃত বিরোধী দলের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে কংগ্রেস।’ একই সঙ্গে তিনি বিজেপিকে জয়লাভের জন্য শুভেচ্ছা জানান। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এআইইউডিএফের সঙ্গে জোট করলে ভালো হতো—এই তত্ত্ব উড়িয়ে দেন তিনি। একলা চলার নীতিতে তিনি এখনো স্থির।
অন্যদিকে, হারের জন্য কংগ্রেসকেই দায়ী করছেন এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল। তিনি বলেন, ‘জোট হলে ফল অন্যরকম হতো। কংগ্রেসের একগুঁয়েমিই বিজেপিকে ক্ষমতায় এনেছে।’ তবে তিনিও নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আসামের নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ১২৬ সদস্যের বিধানসভায় বিজেপি ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে ৬০টি আসন দখল করেছে। তাঁদের সঙ্গী অগপ ৮ দশমিক ১ শতাংশ এবং বিপিএফ ৩ দশিমক ১ শতাংশ ভোট পেয়ে দখল করেছে যথাক্রমে ১৪টি ও ১২টি আসন। অন্যদিকে, কংগ্রেস ৩১ শতাংশ ভোট পেয়ে ২৬টি আসন পেয়েছে। ১৩ শতাংশ ভোট পেয়ে ১৩ আসন কবজা করেছে এআইইউডিএফ। নির্দলরা ১টি আসন পেলেও তাঁদের ভোট প্রাপ্তির সংখ্যা ১১ শতাংশ।