হার্দিক প্যাটেল আটক, সুরাটে ইন্টারনেট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে প্যাটেল সম্প্রদায়ের জন্য কোটা সংরক্ষণের দাবিতে ভারতের গুজরাটে চলমান আন্দোলনের নেতা ২২ বছর বয়সী হার্দিক প্যাটেলকে আজ শনিবার আটক করা হয়েছে। এ ঘটনায় নতুন করে আন্দোলন যাতে দানা না বাঁধে, এ জন্য আহমেদাবাদ ও সুরাটে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, গুজরাট রাজ্যের সুরাট শহরে কোটার দাবিতে বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে আজ সকালে হার্দিককে আটক করে পুলিশ। এ সময় তাঁর অন্তত ৫০ জন সমর্থককেও পুলিশ আটক করে নিয়ে যায়।

নিজ সম্প্রদায়ের জন্য কোটা সংরক্ষণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘একতা যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন হার্দিক প্যাটেল। এ ব্যাপারে তিনি অনুমতি চাইলেও প্রশাসন গতকাল শুক্রবার অনুমতি দেয়নি। তিনি যেকোনো মূল্যে আজ পূর্বঘোষিত কর্মসূচি পালনের ঘোষণা দেন।

কর্মসূচি পালনের উদ্দেশে শেষ মুহূর্তে সভাস্থল পরিবর্তন করা হয়। সে অনুযায়ী হার্দিক প্যাটেল আজ শনিবার সকালে ৫০ জনের মতো সমর্থক নিয়ে সর্দার প্যাটেলের ভাস্কর্যের সামনে জড়ো হন এবং মিছিল শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ সমর্থকসহ হার্দিক প্যাটেলকে আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘রাজ্য সরকার কর্তৃক আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করার অপচেষ্টা এটি। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখব।’

হার্দিক প্যাটেলকে আটক করার পর আহমেদাবাদ ও সুরাটে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

গুজরাটের মোট জনসংখ্যার ১৪ শতাংশ প্যাটেল সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের লোকজন হিরক শিল্পের সঙ্গে যুক্ত। অনেকে কৃষিকাজও করেন। কিন্তু শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভারতে বিদ্যমান কোটা প্রথার কারণে পিছিয়ে পড়তে হয় তাদের। তাই নিজের সম্প্রদায়কে কোটাভুক্ত করতে হার্দিক প্যাটেলের নেতৃত্বে আন্দোলনে যোগ দেয় এ রাজ্যের প্যাটেলরা।