হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে নিজেই রোগী
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক বিধায়ক। দ্রুত তাঁকে সেই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় বিশেষায়িত হাসপাতালে।
গতকাল শুক্রবার জেলার পাঁশকুড়া-প্রতাপপুরের একটি সরকারি হাসপাতাল উদ্বোধন করতে গিয়েছিলেন নন্দীগ্রাম আসনের বিধায়ক ফিরোজা বিবি। এই নন্দীগ্রামে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনে ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৪ গ্রামবাসী। তাঁদের মধ্যে একজন ছিলেন ফিরোজা বিবির ছেলে ইমদাদুল। পরে সেই আসনের বিধায়ক হন ফিরোজা।
ফিরোজা বিবি হাসপাতাল উদ্বোধনের জন্য যথাসময়ে সেখানে যান। ফিতা কাটতে যাওয়ার সময় হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁর শরীর ঘেমে ওঠে। এ অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় নতুন এই হাসপাতালে। তারপর পাঁশকুড়ার বিশেষায়িত হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা জানান, ফিরোজা বিবি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। এরপরই তাঁকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।