হাসপাতাল পানির নিচে, ত্রাণের খাদ্য লুট বন্যার্তদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সাতটি জেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে । কোচবিহার ও জলপাইগুড়িতে পানি কিছুটা কমলেও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ফুলহার, মহানন্দা, পুনর্ভবা, আত্রেয়ী ও টাঙ্গা নদীর পানি বেড়ে যাওয়ায় গতকাল বহু এলাকা প্লাবিত হয়েছে। কুড়িয়ালে একটি সেতু ভেঙে গেছে। ডুবেছে হরিশচন্দ্রপুর, বালুরচর, কামারপাড়া, চাঁচল, লক্ষ্মীপুর, চণ্ডীপুর ।

এদিকে ত্রাণের দাবিতে গতকাল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বন্যার্ত লোকজন। একপর্যায়ে বিতরণের জন্য আনা ত্রাণসামগ্রী বিডিও অফিসের সামনে থেকে পুলিশের উপস্থিতিতেই তাঁরা লুটে নেন বলে অভিযোগ করা হয়েছে।

অনেক এলাকায় রেললাইন ও সড়ক ডুবে যাওয়ায় গ্রাবাসীরা আশ্রয় নিয়েছেন নৌকায়। এখনো হাঁটুপানির নিচে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর হাসপাতালের ওয়ার্ডের বেডগুলো। বালুরঘাট, রায়গঞ্জ শহরও পানিতে ডুবে আছে। ভেঙে পড়েছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে চুনামাটির সেতু। মালদহ থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দোমোহনী সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল কলকাতা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ৩০টি বাস ছাড়লেও বিভিন্ন স্থানে সড়ক ডুবে থাকায় তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি।

সিনহুয়া জানায়, গত তিন দিনের প্রচুর বৃষ্টিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। বন্যায় অন্তত ৯১ জন মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৬ লাখের বেশি মানুষ। গতকাল বুধবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিহারের ১২টি জেলা বন্যায় তলিয়ে গেছে এবং পরিস্থিতির অবনতি ঘটছে।