হায় সেলফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে ‘সেলফি’ তুলতে গিয়ে একই পাড়ার চার যুবকের প্রাণ গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে বলে কলকাতার গণমাধ্যমে জানানো হয়।

খবরে জানানো হয়, কলকাতার দমদম পার্ক এলাকার পাঁচ যুবক গিয়েছিলেন হুগলির তারকেশ্বরের শিবমন্দিরে পূজা দিতে। পূজা সেরে তাঁরা ট্রেনে করে লিলুয়ায় নামেন। এরপর অন্য লোকাল ট্রেনে বাড়ি ফেরার জন্য উঠে পড়েন। এ সময় দলের এক যুবক তারক সেলফি তোলার জন্য ট্রেনের গেটে আসেন। তখন কম গতিতে ট্রেনটি চলছিল। হঠাৎ তাঁর হাত থেকে দামি মোবাইলটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

রেল সূত্র জানায়, লোকজনের চিৎকারে বাকি চার যুবক জানতে পারেন, তাঁদের এক সঙ্গী ট্রেন থেকে পড়ে গেছেন। তাঁরা সঙ্গে সঙ্গে ট্রেনের গার্ডকে খবর দেন। ট্রেনটি কাছের বেলুড় স্টেশনে দাঁড়ায়। চার সঙ্গী ট্রেন থেকে নেমে পড়েন। লাফ দিয়ে আহত হওয়া বন্ধুর খোঁজে তাঁরা রেললাইন ধরে লিলুয়া স্টেশনের দিকে ছুটতে থাকেন। এ সময় দুদিক থেকে ট্রেন আসছিল। চার যুবক কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। বর্ধমান লোকালের ধাক্কায় তিন বন্ধু ঘটনাস্থলে নিহত হন। আহত হন একজন। হাসপাতালে নেওয়ার পর তাঁরও মৃত্যু হয়।

নিহত চারজন হলেন কাজলচন্দ্র সাহা, সুমিত কুমার, চন্দন পোল্লে ও সঞ্জীব পোল্লে। ট্রেন থেকে লাফ দিয়ে আহত হওয়া তারক হাসপাতালে চিকিৎসাধীন।