হিংসা নকশালবাড়িতে সমাহিত: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাওবাদীদের সন্ত্রাসের পথ ছেড়ে জনজীবনের মূল স্রোতে ফেরার আহ্বান জানালেন। গতকাল শনিবার ছত্তিশগড় রাজ্যে মোদির এই আহ্বানের আগের দিনই মাওবাদীরা তিন থেকে চারশ লোককে অপহরণ করে। তাই মোদির আবেদনে মাওবাদীরা আগ্রহী কি না বোঝা যাবে দুয়েকদিনের মধ্যেই।
বোঝা যাবে এই কারণে, ছত্তিশগড়ের মারেঙ্গা গ্রাম থেকে যাঁদের ধরে নেওয়া হয়েছে, তাদের কবে মুক্তি দেওয়া হবে এবং কোন শর্তে তা এখনো জানা যায়নি। গ্রামবাসীরা একটি সেতু তৈরিতে সরকারকে সাহায্য করার কারণেই মাওবাদীরা তাদের অপহরণ করে। মাওবাদীরা চায় না সেতুটা তৈরি হোক।
প্রধানমন্ত্রী মোদি গতকাল সকালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় যান কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণায়। রাজীব গান্ধীর পর তিনিই দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি দান্তেওয়াড়া যাওয়ার সাহস দেখালেন। মোদি সেখানে দিলমিলি গ্রামে একটা অত্যাধুনিক ইস্পাত কারখানার সমঝোতাপত্রে সই করেন এবং ১৪০ কিলোমিটার রেলপথের কাজ শুরুর ঘোষণা দেন। এই দুই প্রকল্প মোট ২৪ হাজার কোটি টাকার। রেলপথের কাজ শেষ হলে দুর্গম বাস্তার জেলার যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো হবে। পাশাপাশি এই বিস্তীর্ণ এলাকার আকরিক লোহা অন্যত্র নিয়ে যাওয়াও সহজ হবে। দান্তেওয়াড়ায় এই দুই প্রকল্পের কাজের পর আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘হিংসার কোনো ভবিষ্যৎ নেই। পাঞ্জাবে হিংসার দিন শেষ হয়েছে, মাওবাদীদের হিংসার আদর্শ নকশালবাড়িতে সমাহিত। ছত্তিশগড়েও হিংসা শেষ হবে একদিন।’ মাওবাদীদের প্রতি তাঁর আহ্বান, ‘আপনারা পাঁচ দিন অস্ত্র ছেড়ে দিন। যাঁদের আপনারা হত্যা করেছেন, ওই দিনগুলিতে তাঁদের পরিবারে যান। তাঁদের দুঃখের অংশীদার হোন। আমি নিশ্চিত, আপনাদের বিবেক হিংসা ছেড়ে দেওয়ার কথাই বলবে।’
প্রধানমন্ত্রী যে জায়গায় গিয়েছিলেন, তার মাত্র ৬০ কিলোমিটার দূরে সুকনা জেলার টোংপাল এলাকায় মারেঙ্গা গ্রাম থেকে শুক্রবার রাতে মাওবাদীরা তুলে নিয়ে যায় কয়েক শ যুবককে।
অপহরণের ঘটনা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। এক খবরে বলা হয়, তিন থেকে চার শ জন অপহৃত, আরেক খবরে দুই শতাধিক। আর বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল আর পি কাল্লুরির দাবি, সেতু তৈরির কাজ করেন এমন কয়েকজন শ্রমিককে মাওবাদীরা তুলে নিয়ে গেছে। সংখ্যা যাই হোক না, তাদের এখনো মুক্ত করা যায়নি।