হিন্দি শিখছেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্য রাজনীতি থেকে বের হয়ে জাতীয় রাজনীতির দিকে ঝুঁকছেন। ভারতের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছেন। আর এই ইস্যুকে সামনে নিয়ে তিনি এখন চষে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন এলাকা। দিল্লি, কলকাতা, বিহার, উত্তর প্রদেশে তিনি সভা-সমাবেশ করেছেন। এবার তিনি মন দিতে চাইছেন জাতীয় রাজনীতিতে। লক্ষ্য, দিল্লির মসনদ।

জাতীয় পর্যায়ে রাজনীতি করতে গেলে ভাষার দক্ষতা প্রয়োজন। মমতা তাই এখন আরও ভালোভাবে কথা বলার জন্য হিন্দি শিখছেন। ভারতের জাতীয় ভাষা হিন্দি। এই হিন্দি ছাড়া জাতীয় রাজনীতি অনেকটাই অচল। সেদিকটা ভেবে তিনি আরও সাবলীলভাবে হিন্দিতে কথা বলার জন্য হিন্দি শিখছেন। ইতিমধ্যে তিনি কিনেছেন বাংলা-হিন্দি অভিধান। এমনকি অন্য কোনো রাজ্য সফরের সময় হিন্দির নতুন কোনো শব্দ শুনলেই তা তিনি লিখে রাখছেন ডায়েরিতে। হিন্দিতে টুইট শুরু করেছেন তিনি।